চট্টগ্রাম, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় বিএনপির রোড মার্চ ও জনসভার ব্যানার খোলার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু হয়েছে।
মৃত মোহাম্মদ বেলাল (৪৮) কুমিল্লা জেলার চান্দিনা থানার সীমান্তপুর গ্রামের আব্দুল হাকিমের ছেলে। মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির কনস্টেবল নিকি বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিইসি মোড় এলাকার পুনাক মার্কেটের বিপরীতে একটি বিদ্যুতের খুঁটি থেকে ব্যানার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বেলাল।
আশঙ্কাজনক অবস্থায় চমেক আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিএনপির গত রোববারের ঢাকা থেকে চট্টগ্রামমুখী রোড মার্চের পরদিন (সোমবার) নগরীর পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেন খালেদা জিয়া।
ওই সভার প্রচারে নগরীতে বিএনপির টাঙানো অনেক ব্যানারের একটি খুলতে গিয়ে বিদ্যুৎস্পষ্ট হন বেলাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/পিডি/১৮০৯ ঘ.
bdnews24