ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচন কমিশন গঠনের আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতির ধারাবাহিক সংলাপের অষ্টম দিনে মঙ্গলবার এ প্রস্তাব তুলে ধরে দল দুটি। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগে কয়েকজনের নামের একটি তালিকাও রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে হস্তান্তর করেছে খেলাফত আন্দোলন।
সকালে বঙ্গভবনে খেলাফত আন্দোলনের চেয়ারম্যান মাওলানা আহমদুল্লাহ আশরাফের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়। এরপর রাষ্ট্রপতি বসেন খেলাফত মজলিসের ১০ প্রতিনিধির সঙ্গে।
বৈঠক শেষে খেলাফত আন্দোলনের মহাসচিব জাফরুল্লাহ খান সাংবাদিকদের বলেন, তারা সংলাপে দেশের সার্বিক পরিস্থিতি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেছেন। ইসি নিয়োগের আগে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়েছেন তারা।
“সিইসি নিয়োগের জন্য সাবেক বিমান বাহিনী প্রধান জামাল উদ্দিন, সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল ও মাহমুদুল আমিন চৌধুরীর নাম প্রস্তাব করেছি আমরা”, বলেন তিনি।
এছাড়া মহাজোট, চার দলীয় জোট, ইসলামী সমমনা জোটসহ অন্যদের পছন্দসই চারজনকে নির্বাচন কমিশনার নিয়োগের সুপারিশ করেছে খেলাফত আন্দোলন।
পরে মাওলনা হাবিবুর রহমানের নেতৃত্বে খেলাফত মজলিসের প্রতিনিধিরা রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে অংশ নেয়।
সংলাপ শেষে দলের সভাপতি হাবিবুর রহমান বলেন, “বিদ্যমান পরিস্থিতিতে ইসি গঠনের চেয়ে তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুনর্বহালই জরুরি। আমরা সংলাপে রাষ্ট্রপতিকে সেটাই বলেছি।”
অ্যাডভোকেট নুরুল ইসলাম খানের নেতৃত্বে গণতান্ত্রিক ইসলামী ঐক্যজোটও পরে সংলাপে অংশ নেয়।
এ টি এম শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারির মাঝামাঝি সময়ে। আইন অনুযায়ী রাষ্ট্রপতি এর আগেই নতুন কমিশন নিয়োগ দেবেন।
এ নিয়োগের জন্য গত ২২ ডিসেম্বর থেকে সংসদে প্রতিনিধিত্বকারী ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি।
ধারাবাহিক এ সংলাপের অংশ হিসেবে ১১ জানুয়ারি বিএনপি এবং ১২ জানুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে রাষ্ট্রপতির।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/জেকে/১৩২০ ঘ.
bdnews24