২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবেশি দেশের ষড়যন্ত্রে সাকা আটক, দাবি স্ত্রীর

প্রতিবেশি দেশের ষড়যন্ত্রে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুীকে কারাগারে আটক রাখা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2012, 05:18 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবেশি দেশের ষড়যন্ত্রে সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুীকে কারাগারে আটক রাখা হয়েছে বলে দাবি করেছেন তার স্ত্রী ফারহাত কাদের চৌধুরী। সোমবার চট্টগ্রামে পলোগ্রাউন্ডে চারদলীয় জোটের জনসভায় বক্তব্যে এ কথা বলেন। এতে সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদেরও বক্তব্য দেন। সাকার পরিবার নির্যাতিত- এ দাবি করে ফারহাত কাদের বলেন, “হাসিনা সরকারের নির্যাতনে বাধ্য হয়ে ৩৬ বছর পর ঘর থেকে বের হয়েছি। নির্যাতনে আমরা ভীত নই।” ২০১০ সালের চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে চট্টগ্রামবাসী বর্তমান সরকারের বিরুদ্ধে জবাব দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। ওই নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী এম মনজুর আলম পরাজিত করেন আওয়ামী লীগ সমর্থিত সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীকে। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে জাতীয় একটি দৈনিকে প্রকাশিত সংবাদের কপি দেখিয়ে সাকার স্ত্রী বলেন, “এতে বলা হয়েছিল- মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জিতবে না রাজাকার জিতবে। কুমিল্লাবাসী এর জবাব দিয়ে দিয়েছে।” তিনি চারদলীয় জোটের জনসভায় সহানুভূতির জন্য আসেননি উল্লেখ করে বলেন, “শেখ হাসিনাকে পরিষ্কার বলে দিতে চাই ফজলুল কাদের চৌধুরীর পরিবার ভীত নয়। আমরা আপনার কোন ষড়যন্ত্রে ভয় পাই না।” সাকা চৌধুরীকে গ্রেপ্তারের পর চার দিন ‘নির্যাতন’ করা হয়েছে বলে জনসভায় দাবি করেন তার ছেলে হুম্মাম কাদের। তিনি বলেন, “আমরা ভয় পাই না। এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূতকেও না। হামলা-মামলা কী তা আমরা জানি।” জনসভায় সাকা চৌধুরীর ছোট ভাই চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সভাপতি গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বক্তব্য দিলেও ভাইয়ের মুক্তি প্রসঙ্গে কোনো কথা বলেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২৩১৬ ঘ.