সুনামগঞ্জ, জানুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অনুষ্ঠানের ভিডিওচিত্রে ছবি না থাকায় সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাসেল আহমদের বিরুদ্ধে ক্যামেরাম্যানের মাথা ফাটানোর অভিযোগ উঠেছে।
সোমবার সন্ধ্যা ৭টায় শহরের পৌর বিপণী মার্কেটে এ ঘটনায় আহত হন ক্যামেরাম্যান সুজিত। তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুজিতের অভিযোগ- ভিডিওচিত্রে রাসেলের ছবি কম থাকায় তাকে মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছেন রাসেল। ওই সময় সুজিতের দোকানের আসবাবপত্রও ভাঙচুর করা হয় বলে তিনি জানান।
সুজিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ৪ জানুয়ারি শহরের ট্রাফিক পয়েন্টে সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে জেলা ছাত্রলীগ।
পরে জেলা ছাত্রলীগ সভাপতির পরামর্শে ওই অনুষ্ঠানের ভিডিওচিত্র সম্পাদনা করা হয়। রোববার রাতে এবং সোমবার বিকালে অনুষ্ঠানের ভিডিওটি স্থানীয় ক্যাবল নেটওয়ার্কে সম্প্রচার করা হয়।
সুজিত আরো বলেন, ভিডিওচিত্রে রাসেলের ছবি কম থাকায় সন্ধ্যায় রাসেল আহমদ সুজিতের দোকানে গিয়ে এর কারণ জানতে চান। এ পর্যায়ে উত্তেজিত হয়ে মারধর করলে সুজিতের মাথা ফেটে যায়।
এ ব্যাপারে রাসেল আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলাম। কিন্তু ফুটেজে আমার কোনো ছবি নাই।
“বিষয়টি জানতে চাইলে উল্টাপাল্টা কথা বলায় সুজিতকে দুটো চড় মেরেছি। এরপর ঘর থেকে দৌড়ে বের হওয়ার সময় দেয়ালে লেগে তার মাথা ফেটেছে।”
সুনামগঞ্জ সদর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ঘটনাস্থল দেখে এসেছে। থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি।
জেলা ছাত্রলীগ সভাপতি ফজলে রাব্বি স্মরণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি পুলিশকে এ ব্যাপারে যথাযত ব্যবস্থা নিতে বলেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২১৩৯ ঘ.
bdnews24