ঢাকা, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালে বিএনপির দাবি আবার প্রত্যাখ্যান করে চার বছর আগের কারাজীবনের কথা বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, একটি মহল সেনা সমর্থিত তত্ত্বাবধায়কের মতো অবস্থায় দেশকে আবার ফিরিয়ে নিতে চায়। আর বিরোধী দল সেই সঙ্গে ‘সুর’ মেলাচ্ছে।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিরোধীদলীয় নেতার চট্টগ্রামমুখে রোড মার্চ শুরুর আগের দিন শনিবার ছাত্রলীগ নেতাদের সঙ্গে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এই কথা বলেন শেখ হাসিনা।
তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন নয়- বিএনপির এই দাবির পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ প্রধান বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন কী? খাল কেটে কুমির আনার দরকারটা কী? তত্ত্বাবধায়ক এলেই যে বিএনপিকে চ্যাং দোলা করে ক্ষমতায় বসিয়ে দেবে তা নয়, বরং আবারো জেলের ভাত খেতে হতে পারে।”
২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে দুই নেত্রীকেই কারাগারে যেতে হয়েছিল। তাদের বিরুদ্ধে অনেকগুলো মামলাও দেওয়া হয়েছিল তখন।
ওই সময়ের মতো ষড়যন্ত্র এখনো চলছে জানিয়ে শেখ হাসিনা বলেন, “যারা কোনোদিন জনগণের ভোটে জিতে ক্ষমতায় যেতে পারবে না, কিন্তু রাজনীতির ফাঁকফোকর দিয়ে ক্ষমতায় যেতে চায়, তারাই তত্ত্বাবধায়ক সরকার আনার ষড়যন্ত্র করছেন। আর তাদের সঙ্গে সুর মেলাচ্ছে দেশের প্রধান বিরোধী দল।”
মহাজোট সরকারের সময়ে অনুষ্ঠিত সবগুলো নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করে প্রধানমন্ত্রী বিরোধী দলের উদ্দেশে বলেন, তত্ত্বাবধায়ক সরকার এলে গণতন্ত্রের যাত্রা আবার রুদ্ধ হবে।
দেশের উন্নয়নে মহাজোট সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, উন্নয়নের একমাত্র পথ জনগণের ক্ষমতায়ন। সরকার সেই লক্ষ্যে কাজ করছে।
ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সংগঠনটির ওয়েবসাইট উদ্বোধন করেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা।
অনুষ্ঠানে ছাত্রলীগ সভাপতি এ এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমসহ সংগঠনের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর শাখার নেতারা ছিলেন।
ছাত্রলীগের অতীতের কথা মনে করিয়ে দিয়ে সংগঠনটির নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের মূল মন্ত্র হল- শিক্ষা, শান্তি, প্রগতি। এই মূল মন্ত্রকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।
“ধন-সম্পদ-টাকা-পয়সা-জৌলুস কিছু দিতে পারে না। আর ওদিকে নজর দিলে জাতিকে কিছু দেওয়া যায় না। ছাত্রলীগের নেতাকর্মীদের ‘সিম্পল লিভিং-হাই থিংকিং’- এটা মাথায় রেখে চলতে হবে,” বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/২১২৫ ঘ.
bdnews24