২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাসমুদ্রে ঢিল ছুড়বেন না: নোমান

চট্টগ্রামে খালেদা জিয়ার জনসভাকে ‘জনসমুদ্রে’ রূপ দেওয়ার ঘোষণা দিয়ে তাতে কোনো ধরনের বাধা না দিতে সরকারকে হুঁশিয়ার করেছেন আবদুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2012, 01:36 PM

Updated : 24 Aug 2022, 10:31 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে খালেদা জিয়ার জনসভাকে ‘জনসমুদ্রে’ রূপ দেওয়ার ঘোষণা দিয়ে তাতে কোনো ধরনের বাধা না দিতে সরকারকে হুঁশিয়ার করেছেন আবদুল্লাহ আল নোমান। শনিবার রোড মার্চে এক প্রস্তুতি সভায় চট্টগ্রামের এই বিএনপি নেতা বলেন, “পলোগ্রাউন্ডের মহাসমুদ্রে ঢিল ছুড়বেন না, কোনো ষড়যন্ত্র করলে এর পরিণতি কখনো ভাল ফল আনবে না।” বিএনপি চেয়ারপারসনের রোড মার্চ শুরুর আগের দিন শনিবার নগরীর নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ের সামনে সভায় এই কথা বলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নোমান। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে রোববার সকালে ঢাকা থেকে রোড মার্চ শুরু করবেন বিরোধীদলীয় নেতা। পরদিন চট্টগ্রামে জনসভার মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে। রোড মার্চ ও জনসভার কর্মসূচি পালনে বিএনপিকে সহযোগিতা করতে সরকারের প্রতি আহ্বান জানান নোমান। রোড মার্চের প্রস্তুতি হিসেবে জিয়া শিশু কিশোর সংগঠন আয়োজিত এই সভায় প্রধান অতিথি ছিলেন নোমান। এতে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীন, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি নূরে আরা সাফা প্রমুখ। নোমান পরে নগরীর আন্দরকিল্লা মোড়ে কোতোয়ালি থানা বিএনপি আয়োজিত এক সমাবেশেও বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৯৩২ ঘ.