ঢাকা, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের তিন বছর পূর্তিতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী ‘অসত্য’ কথা বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “বৃহস্পতিবার প্রধানমন্ত্রী অবলীলায় অসত্য ভাষণ দিয়ে গেছেন। তার ভাষণে দেশের সঠিক চিত্র ফুটে ওঠেনি।”
প্রধানমন্ত্রী তার ভাষণে ‘এখন ১০০ টাকায় ১০/১২ কেজি চাল পাওয়া যায়’ বলেছেন উল্লেখ করে তিনি বলেন, “ওই টাকায় ১০/১২ কেজি চাল পাওয়া সত্যের আশে-পাশেও নেই। বাস্তবতার সঙ্গে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কোনো মিল নেই।”
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের তিন বছর পূর্তির প্রাক্কালে বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, “আমরা যেদিন সরকার গঠন করি সেদিন চালের দাম ছিল ৪০-৪৫ টাকা কেজি। আন্তর্জাতিক বাজারে অব্যাহত মূল্যবৃদ্ধি সত্ত্বেও আমরা তা কমিয়ে এনেছি। বর্তমানে ২৬-৩০ টাকায় চাল পাওয়া যাচ্ছে।”
বিরোধী দল সরকারকে সহযোগিতা করেনি- ভাষণে প্রধানমন্ত্রীর দেওয়া এই বক্তব্যের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “বর্তমান সংসদের প্রথম অধিবেশনে বিরোধীদলীয় নেতা সরকারকে সহযোগিতার জন্য হাত বাড়িয়েছিলেন। কিন্তু সরকার তা গ্রহণ করেনি।
“উল্টো বিরোধী দল যাতে সংসদে থাকতে না পারে, সেজন্য জিয়াউর রহমানসহ নেত্রী-নেতার বিরুদ্ধে কটূক্তি-গালি-গালাজ করা হয়েছে। জিয়াউর রহমানের নাম আন্তর্জাতিক বিমান বন্দরসহ বিভিন্ন স্থান থেকে মুছে ফেলা হয়েছে,” যোগ করেন বিএনপির এ মুখপাত্র।
সিটি কর্পোরেশন নির্বাচন
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী আফজাল খানের পরাজয়ের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “প্রধানমন্ত্রীকে বলব, দেয়ালের লিখন বুঝতে চেষ্টা করুন। কুমিল্লার সিটি নির্বাচনে আমাদের দল থেকে অব্যাহতি পাওয়া মনিরুল হক সাক্কুর কাছে আওয়ামী লীগ প্রার্থী ৩০ হাজার ভোটের ব্যবধানে হেরে গেছেন।”
গত অক্টোবরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী শামীম ওসমান একই দলের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভির কাছে পরাজিত হওয়ার কথাও বক্তব্যে উল্লেখ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “এই দুই নির্বাচনের ফলাফল থেকে বোঝা যায়, আপনার সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।”
মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টরের সাব-কমাণ্ডার এম হামিদুল্লাহ খানের স্মরণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে এ আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
বিমানবাহিনীর সাবেক উইং কমান্ডার এবং বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হামিদুল্লাহ খান ৭৪ বছর বয়সে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান গত ৩০ ডিসেম্বর।
সংগঠনের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপির উপদেষ্টা শাহজাহান ওমর, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় নেতা ইসমাইল হোসেন বেঙ্গল, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বিরোধীদলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক শফিউজ্জামান খোকন প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৫১ ঘ.
bdnews24