২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ওয়াদা পূরণ করতে পারেনি: নোমান

মহাজোট সরকার তিন বছরে কোনো নির্বাচনী ওয়াদা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 03:34 PM

Updated : 24 Aug 2022, 10:30 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকার তিন বছরে কোনো নির্বাচনী ওয়াদা পূরণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। বিএনপির চট্টগ্রামমুখী ৮ জানুয়ারির রোড মার্চের প্রস্তুতি হিসেবে বৃহস্পতিবার বিকালে পাহাড়তলী থানা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। নোমান বলেন, “এ সরকার গুপ্তহত্যা, সন্ত্রাস, নৈরাজ্য ও দুর্নীতি ছাড়া আর কিছুই দিতে পারেনি।” তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে মন্ত্রী সভার অধিকাংশ সদস্যের জামানত বাজেয়াপ্ত হওয়ার ভয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে সরকার ক্ষমতা রক্ষার অপচেষ্টা করছে বলে দাবি করেন বিএনপির এই নেতা। গত ৩০ জুন পঞ্চদশ সংবিধান সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হওয়ার পর থেকে এটি পুনর্বহালে আন্দোলন করে আসছে বিএনপি। চট্টগ্রামে খালেদা জিয়ার রোড মার্চের মাধ্যমে জনগণ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করবে বলে মন্তব্য করেন নোমান। পাহাড়তলী থানা বিএনপির আহ্বায়ক শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম মনজুর আলম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন, বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, শ্রম বিষয়ক সম্পাদক এ এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/পিডি/২১৩১ ঘ.