ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদা বলেছেন, দেশের নির্বাচনী ইতিহাসে এ নির্বাচন দৃষ্টান্ত হয়ে থাকবে।
বৃহস্পতিবার বিকাল ৪টায় কুমিল্লায় ভোট শেষ হওয়ার পর ৫টায় ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, “এ নির্বাচনে ৭৫ শতাংশের মতো ভোট পড়েছে বলে আমাদের ধারণা।”
আয়তনের দিক দিয়ে দেশের সবচেয়ে ছোট এ সিটি কর্পোরেশনের ৬৫টি ভোট কেন্দ্রে সকাল ৮টায় শুরুর পর বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। কমিশনের কর্মকর্তাদের পাশাপাশি মেয়র পদের প্রধান দুই প্রার্থীও সন্তোষ প্রকাশ করেছেন নির্বাচনের পরিবেশ নিয়ে।
সিইসি শামসুল হুদা বলেন, “এতো কথার পরও কুমিল্লার মানুষ বিপুলভাবে ভোট দিতে গেছেন। ১০০ ভাগ কেন্দ্রে ইভিএমের মাধ্যমে ভোট হওয়ায় এ নির্বাচন দৃষ্টান্ত স্থাপন করেছে।”
এর আগে চট্টগ্রাম ও নারায়ণগঞ্জে সীমিত পরিসরে ইলেকট্রনিক ভোটার মেশিন-ইভিএম ব্যবহার হলেও সব কেন্দ্রে এ প্রযুক্তির ব্যবহার কুমিল্লাতেই প্রথম। ভোটারদের মধ্যেও ইভিএম নিয়ে ব্যপক আগ্রহ লক্ষ্য করা গেছে।
নির্বাচনের প্রধান দুই প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত আফজল খান এবং বিএনপি থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনী লড়াইয়ে থাকা মনিরুল হক সাক্কু ইভিএম ব্যবহারকে স্বাগত জানিয়েছেন। তবে সাক্কু বলেছেন, এ প্রযুক্তি ব্যবহারের জন্য আরো আগে থেকে প্রচার চালানো উচিৎ ছিল।
তার সাবেক দল বিএনপি ইভিএম ব্যবহারের প্রতিবাদে আগেই এ নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।
এ বিষয়ে শামসুল হুদা বলেন, “নতুন কিছু আসলে তা নিয়ে অনেক ধরনের কথা হয়। এ জন্য আমি কাউকে দোষ দিচ্ছি না।”
নির্বাচন কমিশন আগামীতে সব স্থানীয় সরকার নির্বাচন ইভিএমে করার পরিকল্পনা নিয়েছে জানিয়ে তিনি বলেন, “আগামীতে নরসিংদী পৌর নির্বাচনসহ সব স্থানীয় নির্বাচন ইভিএমের মাধ্যমে হবে।”
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যাবহার করা হবে কি না- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেহেতু একটি বড় রাজনৈতিক দলের আপত্তি আছে, তাই এ বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। আপাতত স্থানীয়ভাবে এ পদ্ধতিতে নির্বাচন চলতে থাকলে জনগণ অভ্যস্ত হয়ে উঠবে। ইভিএম নিয়ে তাদের মধ্যে কোনো সংশয় থাকলে তাও কেটে যাবে।”
কুমিল্লার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তেুাষ প্রকাশ করে সিইসি বলেন, “আমরা প্রত্যাশার চেয়েও সন্তুষ্ট। আমি বড় কোনো অভিযোগ পাইনি। সারাদিন নিশ্চিন্ত থেকেছি।”
আইন অনুযায়ী, সিটি কর্পোরেশন নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ না থাকলেও আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় তিন হাজার সদস্য মোতায়েন করা হয় কুমিল্লায়। এর মধ্যে এক হাজার র্যাব সদস্যও ছিলেন।
ভোটগ্রহণের পুরো প্রক্রিয়া ওয়েবক্যামের মাধ্যমে ধারণ করা হয়। এ কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ৬৫টি কেন্দ্রে ১৩০ জন টেকনিক্যাল এক্সপার্ট সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন।
শামসুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ফেব্র“য়ারিতে। সেই হিসাবে কুমিল্লাই ছিল এ কমিশনের অধীনে সর্বশেষ বড় নির্বাচন।
বিদায়ী সিইসি বলেন, “কুমিল্লা সিটি কর্পোরেশন দেশের জন্য মডেল হতে পারে। এ ধারা অব্যাহত থাকলে ভবিষ্যতেও নির্বাচন সুন্দর হবে। ভবিষ্যতে নতুন নির্বাচন কমিশন দায়িত্ব গ্রহণ করলে তারাও ইভিএম পদ্ধতিতে নির্বাচন করতে পারেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/জেকে/১৯৫০ ঘ.
bdnews24