নরসিংদী, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নরসিংদী পৌরসভার উপ-নির্বাচনে ছয় মেয়র প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেয়র প্রার্থীরা তাদের পছন্দের প্রতীক বাছাই করে নেন বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আব্দুল ওদুদ।
তিনি বলেন, “একই প্রতীকের জন্য একাধিক প্রার্থী আবেদন না করায় কোনো লটারি হয়নি। প্রার্থীরা পছন্দমতো প্রতীক বেছে নিতে পেরেছেন।”
প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত কামরুজ্জামান- কাপ-পিরিচ, শহর আওয়ামী লীগের সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া- আনারস, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বির আহমেদ নাসির দোয়াত-কলম, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন ভূঁইয়া- দেয়াল ঘড়ি ও আফজাল হোসেন মোল্লা- টেলিফোন এবং জাকের পার্টি সমর্থিত অ্যাডভোকেট আরিফুল ইসলাম- চশমা প্রতী পেয়েছেন।
গত ১ নভেম্বর রাতে দুর্বৃত্তদের গুলিতে সাবেক মেয়র ও নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন নিহত হওয়ায় এ পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন হচ্ছে।
নির্বাচনে লোকমানের ছোটভাই কামরুজ্জামান উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থন পেয়েছেন। দলীয় সমর্থন না পেলে লোকমান হত্যা মামলার চার নম্বর আসামি শহর আওয়ামী লীগ সভাপতি মোন্তাজ উদ্দিন ভূঁইয়া নির্বাচন করছেন।
নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা এবং সেনাবাহিনী মোতায়েন না করার সিদ্ধান্তের প্রতিবাদে নরসিংদী পৌর উপ-নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি।
তবে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোসাব্বির আহমেদ নাসির নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। মোসাব্বির নরসিংদী সদর আসনের সাবেক সাংসদ শামসুদ্দিন আহমেদ এছহাক ও সাবেক মহিলা সাংসদ রোকেয়া আহমেদ লাকীর ছেলে।
আগামী ১৯ জানুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারিত রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১২৫৭ ঘ.
bdnews24