ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং থেকে এক ছাত্রদল নেতাকে র্যাব পরিচয়ে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে পরিবার, যদিও তেমন কোনো তথ্য নেই বলে জানিয়েছে র্যাব ও পুলিশ।
নাসিক আহমেদ আনন্দ নামের ওই ব্যক্তি নরসিংদী জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক। তিনি এক্সপো লিঙ্ক বিডি নামের একটি বায়িং হাউজের বিপণন ব্যবস্থাপক।
আনন্দের স্ত্রী পারুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাদেরাবাদ হাউজিংয়ের পাঁচ নম্বর রোডের এক নম্বর বাসার ছয় তলায় তারা থাকেন। বুধবর সকাল ৭টার দিকে একটি সাদা মাইক্রোবাসে করে কয়েকজন এসে র্যাব পরিচয় দিয়ে তার স্বামীকে নিয়ে যায়।
“কিন্তু পরে র্যাব-২ এর কার্যালয়ে গিয়ে আমরা আনন্দকে পাইনি। তারা বলেছে, আনন্দকে তারা ধরেনি”, বলেন পারুল।
র্যাব-২ এর কর্মকর্তা মেজর দেবাশিষ নারায়ণ পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই নামে কাউকে গ্রেপ্তারের তথ্য আমাদের কাছে নেই।”
এ বিষয়ে মোহাম্মদপুর থানায় যোগাযোগ করা হলে ওসি মাহমুদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিষয়টি তদন্ত করে দেখছি।”
নরসিংদী সদর থানার ওসি আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধিকে জানান, নাসিক আহমেদ আনন্দ নরসিংদী সরকারি কলেজের জিএস রনি হত্যা মামলার পলাতক আসামি।
র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনার পর গত বছরের শেষ দিকে উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন মানবাধিকার সংস্থা। এসব ঘটনার পর কখনো নদী, কখনো বন থেকে অপহৃতদের অনেকের লাশ উদ্ধার করা হয়।
র্যাব বরাবরই এ ধরনের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করে এসেছে। নিহতদের মধ্যে যাদের পরিচয় মিলেছে তাদের বেশিরভাগই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নানা স্তরের নেতা-কর্মী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/জেকে/১৪০০ ঘ.
bdnews24