২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রসফায়ার-গুপ্তহত্যার বিচার হবে: হান্নান শাহ

বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে নির্যাতন, গুম ও হত্যার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 09:29 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

ঢাকা, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি আগামীতে ক্ষমতায় গেলে নির্যাতন, গুম ও হত্যার বিচার করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। তার অভিযোগ, ক্ষমতাসীনরা বিরোধী দলের আন্দোলন দমন করতেই এসব ঘটাচ্ছে। বুধবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে আ স ম হান্নান শাহ বলেন, “দমন-নির্যাতন চালিয়ে সরকার বিরোধী দলকে দাবিয়ে রাখতে চায়। তারা একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। ক্রসফায়ার ও হত্যাকাণ্ডের পর এখন নতুন কৌশল হিসেবে মানুষজনকে গুম করা হচ্ছে।” “ক্ষমতার পালা বদল হবে। তখন কেউ পার পাবে না। এ সরকারের কেউ সেকেন্ড হোম আমেরিকায় চলে যাবেন। কেউ মালয়েশিয়ায় যাবেন। অনেকে এই দেশে থাকবেন”, যোগ করেন তিনি। গত বছরের শেষ দিকে র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার বেশ কয়েকটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিভিন্ন মানবাধিকার সংস্থা। এসব ঘটনার পর কখনো নদী, কখনো বন থেকে অপহৃতদের অনেকের লাশ উদ্ধার করা হয়। র‌্যাব বরাবরই গুপ্তহত্যায় জড়িত থাকার কথা অস্বীকার করে এসেছে। নিহতদের মধ্যে যাদের পরিচয় মিলেছে তাদের বেশিরভাগই বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নানা স্তরের নেতা-কর্মী। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ভৈরব সেতু প্রকল্পের দুর্নীতির মামলা প্রসঙ্গে সাবেক মন্ত্রী হান্নান শাহ বলেন, “দুর্নীতি দমন কমিশন এখন তদন্ত করে বলছে, ওই মামলায় কোনো দুর্নীতি পাওয়া যায়নি। এভাবে সরকার একের পর এক মিথ্যা মামলা দিয়েছে।” দুদক কমিশনার মুহম্মদ সাহাবুদ্দিন চুপপু মঙ্গলবার জানান, ভৈরব সেতু নির্মাণে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগের সত্যতা না পাওয়ায় এ নিয়ে আর তদন্ত করবে না কমিশন। হান্নান শাহ বলেন, “সরকারকে বলবো, এখনও সময় আছে, অবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করুন।” আগামী সপ্তাহে চট্টগ্রাম রোড মার্চের পর শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় চলচিত্র প্রদর্শনের অনুমতি দেওয়া, সীমান্ত হত্যা, জ্বালানি তেলের মূল্য বাড়ানোর প্রতিবাদে সাংস্কৃতিক একাডেমীর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সমানে এই মানববন্ধন হয়। অন্যদের মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টির প্রধান শফিউল আলম প্রধান ও বিএনপি নেতা আবু নাসের মো. রহমাতুল্লাহ এতে বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসইউ/জেকে/১৫২০ ঘ.