ঢাকা, জানুয়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাইদীর যুদ্ধাপরাধের মামলায় অষ্টম সাক্ষী মো. মোস্তফা হাওলাদারের জেরা শেষ হয়েছে।
সোমবার সকালে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলে মোস্তফাকে জেরা করেন সাঈদীর আইনজীবী মিজানুর ইসলাম, কফিল উদ্দিন চৌধুরী ও মঞ্জুর আহমেদ আনসারী।
জেরা শেষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত আদালত মুলতবি ঘোষণা করা হয়।
শুরুতেই মোস্তফাকে জেরা করেন সাঈদীর আইনজীবী মিজানুর ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা তার পূর্ব পরিচিত কি না প্রশ্নের জবাবে মোস্তফা বলেন, “উনাকে আগে চিনতাম না। যেদিন জবানবন্দি দিয়েছি সেদিন সকালেই প্রথম তার সঙ্গে পাড়ের হাট বাজারে প্রথম দেখা হয়।”
পাড়ের হাট এলাকার সব ‘রাজাকারকে’ চেনেন কি না জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “সবাইকে চিনি না। তবে চার থেকে পাঁচ জনকে চিনি। দেলোয়ার শিকদার নামে সাঈদী ছাড়া অন্য কোন রাজাকারকে চিনি না। এ নামে কোন রাজাকার ছিলো কি না জানি না।”
জেরায় তিনি বলেন, “নুর খানের বাড়িতে অগ্নিসংযোগের সময় আনুমানিক ১০০ গজ দূর থেকে আমি আগুন ও ধোঁয়া দেখেছি।”
“বাড়িতে অগ্নিসংযোগ এবং কুট্টিকে হত্যার বিচারের জন্য মানিক পশারী পিরোজপুরে কোনো মামলা করেছিলেন কি না জানি না। তবে ২০১০ সালের ২৩ মার্চ নুর মোহাম্মদ হাওলাদারের একটি মামলায় আমি ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছি। এসময় মানিক পশারী, আইয়ুব আলী, মফিজ উদ্দিন পশারী, বাসুদেব মিস্ত্রীসহ আরো কয়েকজন উপস্থিত ছিল।”
৯২ এর গণআদালত এবং ৯৪ এর গণতদন্ত কমিশনের বিষয়ে তিনি কিছু জানেন না বলে আদালতকে বলেন প্রসিকিউশনের এই সাক্ষী।
তিনি বলেন, “৭১ এর প্রায় দুই থেকে তিন বছর আগে থেকে আমি সাঈদীকে চিনতাম। তার আগে তিনি কী করতেন এবং কোথায় থাকতেন জানি না। ৪ ও ৫ মে তারিখে সাঈদী পাড়ের হাটেই ছিলেন। আমি এ দুদিন তাকে বাজারে দেখেছি। সাঈদী ১৫ বছর আগে এমপি হওয়ার পর থেকে সাঈদী নাম ব্যবহার করা শুরু করেন।”
এরপর বেলা ১২টা ২০ মিনিটে মোস্তফাকে জেরা শুরু করেন সাঈদীর আরেক আইনজীবী কফিল উদ্দিন চৌধুরী।
মুক্তিযুদ্ধের সময় পাড়ের হাট এলাকায় যেসব রিকশাচালক পাকসেনাদের বহন করে নিয়ে এনেছিলেন তাদের কাউকেই চেনেন না বলে জেরায় বলেন মোস্তফা হাওলাদার।
তিনি বলেন, “মুক্তিযুদ্ধের পর প্রায় দুই থেকে তিন বছর পাড়ের হাট বাজারে ঝাল মুড়ি বিক্রি করেছি। তবে এ সময়ের মধ্যে তাদের কারো সঙ্গে পরিচয় হয়নি।”
“আমি সে সময় রিকশা স্ট্যান্ডের কাছে দাঁড়িয়ে রিকশা গুনেছি। ২৬টি রিকশায় ৫২ জন পাকসেনা এসেছিলো,” বলেন তিনি।
দুপুরের বিরতির পরে পুনরায় আদালতের কার্যক্রম শুরু হলে প্রশ্নের জবাবে মোস্তফা বলেন, “পশারীদের বাড়িতে অগ্নিসংযোগের পরের দিন তাদের বাড়িতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পথে মফিজ পশারীরর বাড়িও দেখেছি। ঘরে কেউ ছিলো না। পশারীদের বাড়িতে বাড়িতে এ সময় এলাকার অনেকেই ছিলো। তবে কারো নাম বলতে পারবো না।”
মুক্তিযোদ্ধা আবেদ আলী যে দেলোয়ার শিকদারকে স্বাধীনতার পরে গুলি করে হত্যা করেছিলো তাকে চেনেন না বলে আদালতে বলেন মোস্তফা।
“তবে সেই রাজাকার দেলোয়ার শিকদার ও সাঈদী একই ব্যক্তি নয়,” বলেন তিনি।
এর পরে দুপুর পৌনে ৩টায় মোস্তফাকে জেরা করেন সাঈদীর আইনজীবী মঞ্জুর আহমেদ আনসারী। এ সময় তাকে তদন্তকারী কর্মকর্তার জবানবন্দির সঙ্গে আদালতের জবানবন্দির অসামঞ্জস্য নিয়ে বিভিন্ন প্রশ্ন করা হয়।
একাত্তরে তিন হাজারেরও বেশি নিরস্ত্র ব্যক্তিকে হত্যা বা হত্যায় সহযোগিতা, নয় জনেরও বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাংচুর এবং একশ থেকে দেড়শ হিন্দুকে ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে সাঈদীর বিরুদ্ধে, যাকে একাত্তরে তার এলাকার লোকজন ‘দেইল্লা রাজাকার’ নামে চিনত।
মানবতাবিরোধী ২০টি অপরাধে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
মুক্তিযুদ্ধের সময় পিরোজপুরে হত্যা, লুন্ঠন, নির্যাতনসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা একটি মামলায় ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ই জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল।
সাঈদী ছাড়াও জামায়াতের চার শীর্ষ নেতা যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন- দলের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আব্দুল কাদের মোল্ল¬¬া।
এ মামলায় দুই বিএনপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী আটক থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএইচ/পিডি/২২৫৪ ঘ.
bdnews24