ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক ফোরামে গতিশীল ভূমিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'বিশ্বনেত্রীর' মর্যাদা দিয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
বঙ্গভবনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার শেখ হাসিনার ৬৫তম জন্মদিন উপলক্ষে বঙ্গভবনে এক শিশু-কিশোর সমাবেশে রাষ্ট্রপতি এ কথা বলেন।
এতে বলা হয়, "রাষ্ট্রপতি বলেছেন, 'জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ সাধারণ পরিষদে শান্তির মডেল উপস্থাপন, জাতিসংঘে বাংলায় ভাষণ ও বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে অন্তর্ভুক্তিতে এবং সন্ত্রাস দমনে শেখ হাসিনার ভূমিকা তাকে বিশ্বনেত্রীর মর্যাদা দিয়েছে।'"
শেখ হাসিনা নতুন প্রজন্মের অনুকরণীয় আদর্শে পরিণত হয়েছেন উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, "প্রধানমন্ত্রী দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার বলিষ্ঠ নেতৃত্ব ও সফল কর্মকাণ্ডের জন্য জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (ফাও)-এর সেরেস পদক, জাতিসংঘ এমডিজি পুরস্কার এবং সাউথ সাউথ পুরস্কারে ভূষিত হয়েছেন।"
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাষ্ট্রপতি। একইসঙ্গে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
রাষ্ট্রপতি শিশু-কিশোরদের সঙ্গে জন্মদিনের কেক কাটেন।
এ সময় কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার প্রধান উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, মীর মোশাররফ হোসেন পাকবীর, মিয়া মনসাফ, ইয়াসিন মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/পিডি/২১২৭ ঘ.
bdnews24