ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নয়া পল্টনে মঙ্গলবার বিকালে জনসভায় সরকারবিরোধী আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সাড়ে চার বছর পর এ জনসভায়ই এক মঞ্চে উঠতে যাচ্ছেন চারদলীয় জোট নেতারা।
বিএনপি নেতারা জানিয়েছেন, দুপুর আড়াইটা থেকে জনসভার কাজ শুরু হবে। বিকালে বক্তব্য রাখবেন দলের চেয়ারপারসন।
জনসভায় আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে সোমবার রাতে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেন খালেদা। কর্মসূচি ঠিক করতে এর আগে সমমনা দলগুলোর নেতাদের সঙ্গেও বৈঠক করেন তিনি।
জনসভা সফল করতে বিএনপির গত কয়েকদিন ধরে ব্যাপক প্রস্তুতি চালাচ্ছে। এ জনসভা পল্টনে করতে চাইলেও সরকারি অনুমতি পায়নি বিএনপি। জনসভার প্রচারেও বাধা দেওয়া হয়েছে বলে বিএনপির অভিযোগ।
এ জনসভা বিএনপি ডাকলেও এটি এখন চারদলীয় জোটের কর্মসূচিতে পরিণত হয়েছে। ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর থেকে যৌথভাবে তাদের কর্মসূচি করতে দেখা যায়নি। তবে একই দিনে একই কর্মসূচি আলাদাভাবে তারা পালন করে আসছিলেন।
নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে চারদলীয় জোটের জনসভায় খালেদা জিয়া অংশ নিচ্ছেন পাঁচ বছর পর। ২০০৬ সালের ২৮ অক্টোবর মেয়াদ শেষে ক্ষমতা ছাড়ার আগে জোট নেতাদের নিয়ে জনসভা করেন তিনি।
জনসভায় প্রধান অতিথি থাকবেন খালেদা। বিশেষ অতিথি থাকছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমেদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান ফজলুল হক আমিনী, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও খেলাফত মজলিসের আমির মোহাম্মদ ইসহাক।
এছাড়া বিকল্পধারা, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপিসহ সমমনা আটটি দলের শীর্ষ নেতাদেরও জনসভায় আমন্ত্রণ জানানো হয়েছে।
ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিনের প্রথম প্রহর থেকে জনসভার মঞ্চ নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। সব প্রস্তুতি চলছে। দুপুর ১২টার মধ্যে জনসভায় লোকজন আসা শুরু হবে।
জনসভার মূল মঞ্চে নেতা-নেত্রীদের বক্তব্য দূরের মানুষজন দেখার সুবিধার্থে কয়েকটি বড় পর্দাও বসানো হবে বলে জানান তিনি।
জনসভার অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য মহানগর বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে আড়াই হাজার জনকে নিয়ে একটি স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১০৩০ ঘ.
bdnews24