২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বিচারে বাধা দিতে জামায়াতের নাশকতা'

মানবতাবিরোধী অপরাধের বিচার বাধাগ্রস্ত করতে জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রশিবির নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 12:33 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানবতাবিরোধী অপরাধের বিচার বাধাগ্রস্ত করতে জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠন ইসলামী ছাত্রশিবির নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ। সংসদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হেলাল মোর্শেদ খান সোমবার এক মানববন্ধনে জামায়াতকে গণতন্ত্রের শত্র" বলে মন্তব্য করেন। তিনি বলেন, "প্রথমে তারা বলেছিল যুদ্ধাপরাধীদের বিচারে তাদের আপত্তি নেই। এখন তারা বলছে যুদ্ধাপরাধের বিচার রাজনৈতিক প্রয়োজনে করা হচ্ছে। তাদের স্বরূপ এর মধ্যে দিয়েই স্পষ্ট হয়।" সোমবার হাইকোর্ট সংলগ্ন প্রাঙ্গণে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল আয়োজিত এ মানববন্ধন আয়োজন করে। গত ১৯ সেপ্টেম্বর দলীয় কর্মসূচি পালনের সময় ঢাকাসহ সারা দেশে পুলিশের সঙ্গে সংঘর্ষ, ভাংচুর ও গাড়িতে অগ্নিকাণ্ডে লিপ্ত হয় জামায়াত ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির। কর্মসূচি চলাকালে তাদের হামলায় ৫০ জন পুলিশ আহত হয়। পুলিশের গাড়িসহ ১৫টি গাড়িতে অগ্নিসংযোগ করে জামায়াতের কর্মীরা। যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলওয়ার হোসেন সাঈদী, সেক্রেটারী জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারী জেনারেল কামারুজ্জামান এবং আব্দুল কাদের মোল্লা গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। মুক্তিযোদ্ধা সংসদ অবিলম্বে সারা দেশে প্রতিটি বিভাগীয়, জেলা এবং থানা শহরে কর্মসূচি দেবে বলে জানান হেলাল মোর্শেদ। মানববন্ধনে উপস্থিত ছিলেন সংসদের ভাইস চেয়ারম্যান সুলতান উদ্দিন আহমেদ, মহাসচিব মনোয়ারুল হক খান লাভলু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য এমদাদ হোসেন মতি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/পিডি/১৮২৭ ঘ.