ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার পরও দেশে বাড়ানো হচ্ছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এ বিষয়ে জনগণকে ফাঁকি দিচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় এক আলোচনা সভায় তিনি বলেন, "বর্তমানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসছে। মূল্যবৃদ্ধির মিথ্যা ভাষণ দিয়ে সরকার জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়িয়েছে। তাদের উদ্দেশ্য মানুষের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়া।"
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের 'কারা মুক্তি দিবস' পালনে নয়া পল্টনের একটি কমিউনিটি সেন্টারে এই আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।
গত রোববার সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। ওইদিন রাত ১২টা থেকেই তা কার্যকর করা হয়। পরদিন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দামও প্রতি ঘনমিটার ৫ টাকা বাড়িয়ে ৩০ টাকা করা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সারাদেশে হরতাল করে বিএনপি ও সমমনা দলগুলো।
এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, "আশরাফ সাহেব মিথ্যা কথা বলেছেন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে এসেছে। আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে এ কথা বলে সরকার জনগণকে ফাঁকি দিয়ে তেলের দাম বাড়িয়েছে।"
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, আন্তর্জাতিক বাজারে তেলে দাম বেড়ে যাওয়ার কারণেই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। সব সরকারই এ কারণে তেলের দাম বাড়িয়েছে।
সরকারের বিরুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ এনে সাবেক চারদলীয় জোট সরকারের প্রতিমন্ত্রী ফখরুল ইসলাম বলেন, "এই মৌসুমে উত্তরবঙ্গে মঙ্গাপীড়িত আটটি জেলার অতি দরিদ্র প্রান্তিক মানুষের কাছে টেস্ট রিলিফ, ভিজিএফ ও ভিজিডির চাল ও অর্থ পৌঁছায়নি। ক্ষমতাসীন দলের সোনার ছেলেরা ওইসব চাল ও অর্থ লুটে নিয়েছে। এ সরকারের আমলে দুর্নীতি সর্বগ্রাসী আকার ধারণ করেছে।"
বৃহস্পতিবারের হরতাল সফল হয়েছে দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "আওয়ামী লীগ নেতারা বলেছেন, হরতালে বিএনপির নেতাদের দেখা যায়নি। কেন্দ্রীয় কার্যালয়ে সেদিন আমাদের ১১/১২ জন কেন্দ্রীয় নেতাকে অবরুদ্ধ করে রাখতে দুই হাজার পুলিশ মোতায়েন ছিলো। বিএনপি পিকেটিং করে হরতাল সফল কিংবা রাজপথ দখলের রাজনীতি করে না। আমরা জনগণের হৃদয় দখলের রাজনীতি করি।"
মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরার উদ্দিনের সভাপতিত্বে অন্যদের মধ্যে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান, মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান খোকন, সহসভাপতি আবিদুর রহমান আবেদ, ওয়ার্ড কমিশনার এম এ মজিদ, মুক্তিযুদ্ধের প্রজন্মের সহসভাপতি মোহাম্মদ মঞ্জুর হোসেন, সাধারণ সম্পাদক ইব্ররাহীম হোসেন, সহসভাপতি মোকাম্মেল কবির আলোচনা সভায় বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/২১১৮ ঘ.
bdnews24