ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্তমান সরকারের আমলে ভারতের সঙ্গে করার সব চুক্তিতে দেশের স্বার্থ 'জলাঞ্জলি' দেওয়া হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
রোববার বিকালে এক আলোচনা সভায় দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "দেশের অর্থনীতির সম্ভাবনাকে ধ্বংস করে এসব অসম চুক্তি করা হয়েছে।"
গত ৬ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে দুদেশের মধ্যে একটি আঞ্চলিক সহযোগিতা বিষয়ক 'রূপরেখা' চুক্তিসহ একটি সীমান্ত বিষয়ক একটি প্রটোকল ও কয়েকটি সমঝোতা স্মারক সই হয়।
দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপি আয়োজিত ওই আলোচনা সভায় মির্জা ফখরুল বলেন, "দেশি-বিদেশি ষড়যন্ত্রের কারণে ২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি জারি করে খালেদা জিয়াকে কারাবন্দি করা হয়েছিল।
"ষড়যন্ত্রকারীরা ভয়-ভীতি দেখিয়ে দেশনেত্রীকে গণতন্ত্রের পথ থেকে সরাতে পারেনি।"
২০০৭ সালের ১১ জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারির পর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ওই বছরের ৩ সেপ্টেম্বর খালেদা জিয়াকে গ্রেপ্তার করে সংসদ ভবনে স্থাপিত বিশেষ কারাগারে রাখা হয়। ২০০৮ সালে ১১ সেপ্টেম্বর খালেদা জিয়া মুক্তি লাভ করেন।
২০০৯ সাল থেকে বিএনপি ১১ সেপ্টেম্বরকে খালেদা জিয়ার কারামুক্তি দিবস হিসেবে পালন করে আসছে।
২০০৭ সালের ১৬ জুলাই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকেও গ্রেপ্তার করা হয়। তাকেও রাখা হয় সংসদ ভবনে স্থাপিত বিশেষ কারাগারে।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, "জাতীয়তাবাদী দলকে নিশ্চিহ্ন ও রাজনীতি থেকে মাইনাস করার জন্য ১/১১ এর ষড়যন্ত্রকারীরা খালেদা জিয়াকে সেদিন গ্রেপ্তার করেছিলো। কিন্তু তার আপোষহীন নেতৃত্ব ও নেতা-কর্মীদের প্রতিরোধের মুখে ওই চক্রান্ত সফল হয়নি। এখনো সরকার দেশনেত্রীসহ তারেক রহমানের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত করছে।"
মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, আবদুল মঈন খান, চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহবুবউল্লাহ ও সম্মিলিত পেশাজীবী পরিষদের আহবায়ক ও বাংলা দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুুর রহমান বক্তব্য দেন।
এই আলোচনা সভায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, সহসভাপতি আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, আবদুল মান্নান, শামসুজ্জামান দুদু, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মিজানুর রহমান মিনুসহ অঙ্গসংগঠনের নেতা ও সাংসদরা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২০৫৩ ঘ.
bdnews24