২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খালেদার জন্মদিনে মিলাদ ও বস্ত্র বিতরণ

বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার জন্মদিন পালন করেছে চট্টগ্রাম নগর বিএনপি ও এর অঙ্গসংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2011, 03:15 PM

Updated : 24 Aug 2022, 03:46 PM

চট্টগ্রাম, অগাস্ট ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার জন্মদিন পালন করেছে চট্টগ্রাম নগর বিএনপি ও এর অঙ্গসংগঠন। এ উপলক্ষে সোমবার নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে নগর বিএনপি। বিএনপির বক্তব্য অনুযায়ী, সোমবার ৬৭ বছরে পা দিয়েছেন খালেদা জিয়া; যদিও তার এ জন্মদিন নিয়ে বিতর্ক রয়েছে। কারণ তার আরো জন্ম তারিখের হদিস পাওয়া যায়। ১৫ অগাস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দিনে খালেদার জন্মদিন পালন নিয়ে অনেক সমালোচনাও রয়েছে। বিকাল ৪টায় নগরীর রীমা কমিউনিটি সেন্টারে নগর মহিলা দলের পক্ষ থেকে গরিব-দুস্থদের মাঝে কাপড় বিতরণ করা হয়। এছাড়া সন্ধ্যায় কেক কেটে জন্মদিন উদযাপন করে মহিলা দলের নেতা-কর্মীরা। পরে চট্টগ্রাম বিভাগীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মনোয়ারা বেগম মনির সভাপতিত্বে এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নগর বিএনপির মহাসচিব ডা. শাহাদাত হোসেন। মহাজোট সরকারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, "জনগণ আওয়ামী লীগের দুঃশাসন থেকে মুক্তি চায়।" সরকার জিয়া পরিবারকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে উল্লেখ করে শাহাদাত বলেন, খালেদা জিয়ার দেশপ্রেমকে ভয় পায় সরকার। অন্যদের মধ্যে নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান, মহিলা নেত্রী হাসমত আরা ও জেলী চৌধুরী সমাবেশে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/জেকে/২১১০ ঘ.