চট্টগ্রাম, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার পতনের আন্দোলনে দেরি কেন- সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর স্ত্রীর এমন প্রশ্নের মুখে ঈদের পর থেকে 'দুর্বার' আন্দোলনের ঘোষণা দিয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার সাকা চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী বৃহস্পতিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগর বিএনপি আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় চারদলীয় জোটের নেতাদের সামনে এ প্রশ্ন রাখেন।
তিনি বলেন, "আপনারা শুধু ভবিষ্যতে সরকার পতনের আন্দোলনের কথা বলেন। আন্দোলন আজ থেকে কেন নয়।"
তার ওই বক্তব্যের পর চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "বর্তমান সরকার বিদেশি শক্তির সাহায্য নিয়ে যে কোনোভাবে বাঁচতে চাইছে। ঈদের পর কঠোর আন্দোলন করে সরকারের বিদায় ঘণ্টা বাজানো হবে।"
ঈদের পর 'নিয়মিত' সরকারবিরোধী আন্দোলনে থাকার ঘোষণা দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. মনজুর আলমও।
গত বছর বিএনপির সমর্থন নিয়ে মেয়র নির্বাচিত হওয়ার পর মনজুর আলম কয়েকটি ঘরোয়া কর্মসূচিতে অংশ নিলেও মাঠের আন্দোলনে সক্রিয় হননি।
ফারহাত কাদের বলেন, "আমি গৃহবধূ, অতীতে কখনো রাজপথে আসিনি, ভবিষ্যতেও আসার ইচ্ছে ছিল না। বর্তমান সরকার আমাদের রাজপথে আসতে বাধ্য করেছে।
"বর্তমান সরকার শুধু আমার স্বামীকে গ্রেপ্তার নয়, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করে নীলনকশা বাস্তবায়নে ব্যস্ত।"
সরকার ইসলামকে ধ্বংস করছে- এমন অভিযোগ করে সাকার স্ত্রী বলেন, আন্দোলনের মধ্য দিয়ে ইসলাম বাঁচাতে হবে, দেশ বাঁচাতে হবে।
চট্টগ্রামে চারদলীয় জোটের নেতাদের আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে আমীর খসরু বলেন, "দেশের মানুষ আওয়ামী লীগ সরকার নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। কীভাবে এ সরকার বিদায় নেবে- সেটাই এখন প্রশ্ন।"
নগরীর এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়ামে আয়োজিত এ আলোচনা সভা চলাকালে সভামঞ্চের কাছে ইফতারের জন্য চেয়ারে বসা নিয়ে কোতয়ালী থানা বিএনপির দুই পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও মারামারি হয়। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে তা বন্ধ হয়।
অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, দক্ষিণ জেলা সভাপতি সাংসদ জাফরুল ইসলাম চৌধুরী, সাংসদ মোস্তফা কামাল চৌধুরী, নগর জামায়াতে ইসলামীর আমীর সাংসদ মাওলানা শামসুল ইসলাম, জামায়াতের সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী, সাবেক সাংসদ রোজী কবীর, নেজামে ইসলামী পার্টির চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাজহারুল ইসলাম দোলন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, ইসলামী ঐক্যজোট একাংশের চেয়ারম্যান মাওলানা মইনুদ্দিন রুহী, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর আলম আলোচনা সভায় বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/২১৩০ ঘ.
bdnews24