ঢাকা, আগস্ট ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান ছুড়ে ফেলা নিয়ে আমিনীর বক্তব্যের বিষয়ে শুনানিতে হাইকোর্টে হট্টগোলের জন্য বিএনপি সমর্থক আইনজীবীদের দায়ী করেছে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি। তারা বলেছে, হট্টগোলের উদ্দেশ্য দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে নির্মূল কমিটির নির্বাহী সভাপতি শাহরিয়ার কবির বলেন, "সুপ্রিম কোর্টে যা ঘটেছে তা ভবিষ্যতে আরো বৃহত্তর, ধ্বংসাত্মক ও প্রাণহানির ঘটনার মহড়া।"
সুপ্রিম কোর্টে বিচারপ্রার্থী, বিচারক, আইনজীবীসহ সংশ্লিষ্টদের নিরাপত্তা রক্ষায় আগামী ১৭ আগস্টের মধ্যে সব আদালতে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন তিনি।
সংবিধান ছুড়ে ফেলার বক্তব্য নিয়ে ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান ফজলুল হক আমিনীর বিরুদ্ধে আবেদনের শুনানির সময় খালেদা জিয়ার একই ধরনের বক্তব্যের উল্লেখ করে বিরোধীদলীয় নেতার দেশপ্রেম নিয়ে মঙ্গলবার প্রশ্ন তুলেছিলো আদালত। এরপর বিএনপি সমর্থক আইনজীবীরা হৈ চৈ শুরু করলে সরকার সমর্থক আইনজীবীদের সঙ্গে তাদের হাতাহাতি হয়।
শাহরিয়ার কবিরের একটি রিট আবেদনেই আমিনীকে হাইকোর্ট তলব করেছিলো। ১৭ অগাস্ট এর পরবর্তী শুনানি হবে।
ঘটনার সময় এজলাসে উপস্থিত শাহরিয়ার কবির বলেন, "আমার দায়ের করা মামলার শুনানি চলাকালে চারদলীয় জোট সমর্থক আইনজীবীরা মারমুখী হয়ে ওঠে এবং আমাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করে আমার ওপর হামলা করতে উদ্যত হয়।"
"ওই আইনজীবীরা দুজন বিচারপতি এবং আইনজীবীদের অকথ্য ভাষার গালাগালি করেন। এসময় আইনজীবীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একজন আইনজীবী বিচারপতিদের লক্ষ্য করে ভারী বস্তু ছুড়ে মারেন। একজনের হাতে ছিলো ব্যাগভর্তি জুতো", ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন তিনি।
হাইকোর্টের রায় পছন্দ না হলে আপিল বিভাগেআবেদন করার নিয়মের কথা তুলে ধরে শাহরিয়ার কবির বলেন, কোনো অবস্থায় বিচারপ্রার্থী বা বিচারকের ওপর হামলা এবং আদালত কক্ষে তাণ্ডব গ্রহণযোগ্য নয়।
এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার ও প্রধান বিচারপতির কাছে দাবি জানান তিনি।
নির্মূল কমিটির উপদেষ্টা অধ্যাপক কবীর চৌধুরী বলেন, দেশকে অস্থিতিশীল করতেই বিএনপি-জামায়াতের আইনজীবীরা হাইকোর্টে হট্টগোল ও হাতাহাতির ঘটনা ঘটিয়েছে।
আইনজীবীদের আচরণের সমালোনা করেন অবনরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী। বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম বলেন, এ ঘটনার পেছনে অবশ্যই রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক কামাল লোহানী, ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাসিনী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৪২২ ঘ.
bdnews24