ঢাকা, অগাস্ট ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিস্তার পানি বণ্টনে বিএনপি কোনো অসম চুুক্তি চায় না উল্লেখ করে সাবেক পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, সরকার দেশের স্বার্থ রক্ষা করেই এ বিষয়ে চুক্তি করবে বলে আশা করছেন তারা।
সোমবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হাফিজ উদ্দিন বলেন, পানির একটি অংশ সংরক্ষিত রেখে বাকিটা দুই দেশের মধ্যে বণ্টন করতে হবে।
"তিস্তার পানি বণ্টনে আমরা কোনো অসম চুুক্তি চাই না। যা কিছু হবে, সমতার ভিত্তিতে হতে হবে। আমরা আশা করি, সরকার দেশের স্বার্থ রক্ষা করে তিস্তার পানি বণ্টন চুক্তি করবে।"
গত ১০ জানুয়ারি যৌথ নদী কমিশনের (জেআরসির) সচিব পর্যায়ের বৈঠকে তিস্তার পানি বণ্টনে ১৫ বছর মেয়াদি অন্তর্র্বতী চুক্তি স্বাক্ষরে দুই দেশ সম্মত হয়। সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মানমোহন সিংয়ের ঢাকা সফরের সময় এই চুক্তি হওয়ার কথা রয়েছে।
তিস্তার পানি বণ্টন নিয়ে সরকারের 'গোপনীয়তায়' ক্ষোভ প্রকাশ করে হাফিজ বলেন, "তারা কি করছে- তা এখনো পরিষ্কার নয়। আমরা পানির ন্যায্য হিস্যা চাই। ভারত ৫৪টি নদীর উজানে ৫৫২টি বাঁধ ও গ্রোয়েন নির্মাণ করায় স্বাভাবিক পানি প্রবাহ কমে গেছে।"
ভারত থেকে বাংলাদেশে ৫৪টি নদী প্রবেশ করলেও দুই দেশের মধ্যে এ পর্যন্ত শুধু গঙ্গার পানি বণ্টন নিয়ে চুক্তি হয়েছে।
ফেনী নদীর পানি ভারত একতরফাভাবে প্রত্যাহার করে নিচ্ছে অভিযোগ করে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, "শুনেছি, ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন সফরে এ নদীর বিষয়েও চুক্তি হবে। ফেনী নদীর বিষয়ে সরকার কি করছে- তা প্রকাশ করতে হবে।"
সরকার টিপাইমুখে বরাক নদীতে বাঁধ নির্মাণ শেষ পর্যায়ে নিয়ে এসেছে দাবি করে বিএনপি নেতা হাফিজ বলেন, "সরকার এক্ষেত্রে নিশ্চুপ। এই বাঁধ নির্মাণ হলে সিলেটসহ পূর্বাঞ্চলের মানুষজন ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে।"
অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, জহুরুল ইসলাম, যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী, যুব দলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম আজাদ, বিএনপির সহ দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহিন, তকদির হোসেন মো. জসিম, রফিক শিকাদার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/জেকে/১৭২৪ ঘ.
bdnews24