ঢাকা, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ইন্দিরা গান্ধীর অবদান স্মরণ করে শেখ হাসিনা বলেছেন, সে সময় ভারত শুধু বাংলাদেশের শরণার্থীদেরই আশ্রয় দেয়নি, রাজনৈতিক, কূটনৈতিক ও মানসিকভাবেও সমর্থন দিয়েছিলো।
সেই অবদানের কথা স্মরণ করে স্বাধীনতার চার দশক পর তখনকার ভারত সরকারের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে স্বাধীনতা সম্মাননা দিয়েছে বাংলাদেশ।
সোমবার সন্ধ্যা ৬টায় বঙ্গভবনে এক অনুষ্ঠানে প্রয়াত ইন্দিরার পক্ষে তার পুত্রবধূ সোনিয়া গান্ধী রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের হাত থেকে এ সম্মাননা গ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, "মুক্তিযুদ্ধের সময় ইন্দিরা গান্ধী বাংলাদেশের পক্ষে বিশ্ব জনমত গড়ে তোলেন। আমরা মুক্তিযুদ্ধে ভারতের অবদান চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবো।"
এর আগে স্বাধীনতার সম্মাননাপত্র পাঠ করেন মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ।
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং কমলা নেহেরুর একমাত্র সন্তান ইন্দিরার জন্ম ১৯১৭ সালের ১৯ নভেম্বর। ১৯৬৬ সালে ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়া এই নেত্রী দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হন ১৯৮০ সালে। ১৯৮৪ সালের ৩১ অক্টোবর দিল্লির জনপথ রোডের প্রধানমন্ত্রী ভবনে দেহরক্ষীদের গুলিতে প্রাণ হারান তিনি।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী আক্রমণ শুরু করার পর এ ভূখণ্ডের লাখ লাখ মানুষকে আশ্রয় দিয়েছিলো ভারত। সমর ও কূটনৈতিক সহায়তা দিয়েছিলো বাংলাদেশের অস্থায়ী সরকারকে।
বাংলাদেশের অস্থায়ী সরকারের স্বীকৃতি আদায়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা। যুক্তরাষ্ট্রের বিরোধিতা সত্ত্বেও এ প্রক্রিয়া এগিয়ে নিতে অনেক দেশ সফর করেন তিনি। যুদ্ধপরবর্তী বাংলাদেশ গড়ার কাজেও ইন্দিরার সহযোগিতা পেয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তার সেই ভূমিকার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মাননা প্রদান অনুষ্ঠানে বলেন, "এ অনুষ্ঠানের আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।"
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার ঘটনার পরের কথা স্মরণ করে বঙ্গবন্ধুকন্যা হাসিনা বলেন, "জাতির জনকের হত্যার পর ইন্দিরা গান্ধী আমাদের পাশে অভিভাবকের মতো দাঁড়িয়েছিলেন। তাকে সম্মানিত করতে পেরে আমরা নিজেরাও সম্মানিত বোধ করছি।"
বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সশস্ত্র বাহিনীর যেসব সদস্য জীবন দিয়েছেন তাদের কথাও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন শেখ হাসিনা। এই সম্মাননা নিতে বাংলাদেশে আসায় ভারতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা উল্লেখ করে সোনিয়া বলেন, "ইন্দিরা গান্ধীর পক্ষে বাংলাদেশের স্বাধীনতা সম্মাননা নিতে পেরে আমি গর্বিত। এই সম্মাননা তার একার নয়, সমগ্র ভারতের।"
আগামীতে দুই দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
বাংলাদেশ শিক্ষা, নারীর ক্ষমতায়ন, জনস্বাস্থ্য, স্যানিটেশনের মতো বিষয়ে ভারতের চেয়েও এগিয়ে গেছে বলে মন্তব্য করেন ইটালীয় বংশোদ্ভূত এই ভারতীয় রাজনীতিবিদ।
বাংলাদেশ সরকার বিদেশি নাগরিকদের তিন ধরনের সম্মাননা দিয়ে থাকে। এগুলো হলো- স্বাধীনতা সম্মাননা, মুক্তিযুদ্ধ সম্মাননা এবং মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা। এর মধ্যে স্বাধীনতা সম্মাননাই সবচেয়ে মর্যাদার, যা ইন্দিরা পেলেন।
চলতি বছরের ৭ মার্চ মন্ত্রিসভার বৈঠকে স্বাধীনতার ৪০তমবার্ষিকী উপলক্ষে ইন্দিরা গান্ধীসহ বিভিন্ন দেশের ৪৫ জন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি সংগঠনকে এ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত হয়।
সম্মাননার জন্য বাংলাদেশের সেই 'বিদেশি বন্ধুদের' নাম বাছাই করতে একটি জাতীয় কমিটি করার কথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি
বলেন, "কমিটি যখন কাজ শুরু করে, তখন সবার আগে উঠে আসে একটি নাম, তিনি শ্রীমতি ইন্দিরা গান্ধী। তার ভূমিকা এতোটাই দৃপ্ত, এতোটাই অসাধারণ ও বি
bdnews24