ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের জন্য তাকে জাতির কাছে দুঃখ প্রকাশ করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, "সংবিধান ছুড়ে ফেলে দেওয়ার মানে হলো দেশের স্বাধীনতা, গণতন্ত্র, বিসমিল্লাহ এবং বাংলাদেশকেই ছুড়ে ফেলে দেওয়া।"
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলসহ পঞ্চদশ সংবিধান সংশোধনের বিরোধিতা করে বিএনপি চেয়ারপারসন গত ১৩ জুলাই বলেছিলেন, আগামী সরকার পরিবর্তনের পর সংবিধানের সংশোধনী ছুড়ে ফেলা হবে।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতারা এর সমালোচনা করে আসছিলেন। খালেদার বক্তব্যের সমালোচনা করে নাসিম বলেন, সুস্থ মস্তিস্কে সংবিধান নিয়ে এমন মন্তব্য কেউ করতে পারেন না। আগামী নির্বাচনে মানুষ খালেদা জিয়ায় এ কথার জবাব ভোটের মাধ্যমে দেবে।
খালেদার বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বিএনপি নেতা মওদুদ সোমবার বলেছেন, "সংবিধানের সংশোধনী ছুড়ে ফেলা হবে বা গ্রহণযোগ্য নয়- খালেদা জিয়ার এ অভিপ্রায়ের অর্থ হচ্ছে- তার দল আমরা ক্ষমতায় গেলে পঞ্চদশ সংশোধনী পরিবর্তন করবে।"
সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও বিরোধী দলের রাষ্ট্রবিরোধী বক্তব্যের প্রতিবাদে বঙ্গবন্ধু একাডেমির উদ্যোগে আলোচনা সভায় নাসিম রমজানে দ্রব্যমূল্য মানুষের নাগালের মধ্যে রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান।
বঙ্গবন্ধু একাডেমির সভাপতি হেমায়েত উদ্দিন বীর বিক্রমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করীম, বঙ্গবন্ধু একাডেমির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24