ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা আক্ষেপ করে বলেছেন, দেশে কেউ কাউকে বিশ্বাস করতে চায় না। রাজনৈতিক দল ও প্রার্থীর পরস্পরের প্রতি অনাস্থা। নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই। এই দলাদলির মধ্যে যেন অনাস্থার রাজ্যে বাস করছি।
পরস্পরের প্রতি অনাস্থার মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।
বুধবার নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নির্ধারিত সংলাপে এ কথা বলেন সিইসি।
শামসুল হুদা জানান, নির্বাচন কমিশন যত ভাল নির্বাচন করুক না কেন পরাজিত প্রার্থীরা তা মানতে চায় না। দেশের পুলিশ, আইন, প্রশাসন, শিক্ষক এবং নির্বাচন কমিশনের ওপরও আস্থা রাখে না। এ প্রবণতা জাতীয় নির্বাচনের চেয়ে স্থানীয় নির্বাচনে আরও বেশি।
স্থানীয় নির্বাচনে ইভিএম চায় ইসলামী ফ্রন্ট
নির্বাচনে পর্যায়ক্রমে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে সংলাপে মত দেয় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। সংলাপে দলটির ১৩ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়।
দলটির চেয়ারম্যান আল্লামা এম এ মান্নান বলেন, "স্থানীয় নির্বাচনে (ইউপি, পৌর, সিটি কর্পোরেশন) ইভিএম ব্যবহারের পর জাতীয় নির্বাচনে তা ব্যবহার করা যেতে পারে।"
নির্বাচনী ব্যয় সর্বোচ্চ ৩ লাখ টাকা, জামানত বাড়িয়ে ৩০ হাজার টাকা, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী সব প্রার্থীকে এক মঞ্চে সমাবেশ করাসহ রাজনৈতিক দলগুলোকে জনতহবিল না দিয়ে কমিশন নিজ উদ্যোগে পোস্টারিং ও প্রচারপত্র বিতরণের পরামর্শ দেয় দলটি।
সংলাপে অপর দুই নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, ইসি সচিব মোহাম্মদ সাদিক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ও বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরির (বিএমটিএফ) প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বিকেলে সংলাপে যোগ দেওয়ার কথা থাকলেও যোগ দেয়নি জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)।
বৃহস্পতিবার বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও খেলাফত মজলিশের সঙ্গে কমিশনের সংলাপসূচি রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৫৬ ঘ.
bdnews24