ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের কারণে দলীয় সরকারের অধীনে নির্বাচন হলেও তাতে কোনো ধরনের হস্তক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে তিনি বুধবার যুক্তরাজ্যের বিদায়ী রাষ্ট্রদূত স্টিফেন ইভান্সকে আশ্বস্ত করেন বলে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানিয়েছেন।
হাসিনা বলেন, তার সরকার কোনো নির্বাচনে হস্তক্ষেপ করবে না। সরকারের লক্ষ্য নির্বাচন কমিশনকে আরো শক্তিশালী করা। যারা স্বাধীনভাবে নির্বাচন পরিচালনা করবে।
গত ৩০ জুন সংবিধানের পঞ্চম সংশোধনী পাস হয় সংসদে। এতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের বিধান বিলোপ হয়ে যায়।
বিএনপিসহ বিরোধী দলগুলো সংবিধানের এ সংশোধনের বিরোধিতা করে আসছে। তারা বলছে, দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না।
বর্তমান সরকারের আমলে বিভিন্ন সংসদীয় আসনে উপনির্বাচন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচনগুলো সুষ্ঠু হয়েছে বলে ব্রিটিশ দূতকে বলেন প্রধানমন্ত্রী।
"সরকার কোনো নির্বাচনেই হস্তক্ষেপ করেনি", বলেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাজ্যের দূতের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা জঙ্গি দমনে তার সরকারের সক্রিয়তার কখাও তুলে ধরেন।
আবুল কালাম আজাদ বলেন, "প্রধানমন্ত্রী বলেছেন, তার সরকার জঙ্গিবাদের ক্ষেত্রে জিরো টলারেন্স দেখাচ্ছে। কোনোভাবেই তাদের প্রশ্রয় দেওয়া হচ্ছে না।"
বর্তমান সরকার সুবিচার ও মানবাধিকার নিশ্চিত করছে বলেও যুক্তরাজ্যের দূতকে জানান প্রধানমন্ত্রী।
প্রতিবেশী দেশের সঙ্গে সুসম্পর্ক রাখার ওপর জোর দিয়ে হাসিনা বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলে সংশ্লিষ্ট দেশগুলোর জনগণেরই উন্নয়ন হয়।
উন্নয়ন কার্যক্রমে সরকার সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) ওপরও জোর দিচ্ছে বলে প্রধানমন্ত্রী জানান।
আব্দুল আলীমের স্ত্রীকে সহায়তার আশ্বাস
প্রয়াত কণ্ঠশিল্পী আব্দুল আলীমের স্ত্রীর চিকিৎসার জন্য সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। পল্লীগীতির এ শিল্পীর পরিবারের সদস্যরা বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলে তিনি আর্থিক সহায়তার এ আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমআই/১৪০০ ঘ.
bdnews24