২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভয় দেখিয়ে দমানো যাবে না: মির্জা ফখরুল

গ্রেপ্তার নির্যাতন করে এবং ভয়ভীতি দেখিয়ে বিএনপির চলমান আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে সরকারকে সতর্ক করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2011, 01:44 PM

Updated : 24 Aug 2022, 03:31 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেপ্তার নির্যাতন করে এবং ভয়ভীতি দেখিয়ে বিএনপির চলমান আন্দোলন দমিয়ে রাখা যাবে না বলে সরকারকে সতর্ক করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব। শনিবার বিকালে এক বিক্ষোভ সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "গ্রেপ্তার-নির্যাতন করে ভয়ভীতি দেখিয়ে চলমান আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। অন্ধকারের পরে যেমন আলো থাকে, তেমনি গণতন্ত্রের রক্তিম সূর্য আমাদের সামনেই আছে। তাই এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়ে ওইসব নির্যাতনের প্রতিশোধ নিতে হবে।" নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে এই বিক্ষোভ সমাবেশ হয়। বিরোধীদলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর পুলিশি নির্যাতনসহ দলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে এই বিক্ষোভ সমাবেশ হয়। পুলিশের হামলায় আহত ফারুক বর্তমানে ইউনাইনেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকা ৪৮ ঘণ্টা হরতালের শুরুর দিন বুধবার সকালে পুলিশের লাঠিপেটায় আহত হন ফারুক। মির্জা ফখরুল দাবি করেন, ফারুকের ওপর সরকার পরিকল্পিতভাবে তার পুলিশ বাহিনী দিয়ে ববর্রোচিত হামলা চালিয়েছে। "জাতীয় সংসদে সরকারি দলের শীর্ষ নেতার পুত্রের দুর্নীতির কথা স্পষ্টভাবে তিনি বলেছিলেন বলেই তার ওপর ওই নির্মম নির্যাতন চালানো হয়েছে। সরকার ভেবেছে, বিরোধীদলীয় প্রধান হুইপের ওপর নির্যাতন চালালে অন্য নেতারা আর কথা বলার সাহস পাবে না। ভয় পাবেন। এটা সরকারের ভুল ধারণা।" আগামী ১৩ জুলাই ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন প্রাঙ্গনে গণঅনশন কর্মসূচিতে সব পেশার মানুষকে অংশ নেওয়ার আহবান জানিয়ে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সবাইকে নিয়ে ওই কর্মসূচিতে অংশ নেবেন। আপনারা দলমত নির্বিশেষে এতে অংশ নিয়ে সরকারের বিরুদ্ধে সোচ্চার হোন।" স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবি জানিয়ে বলেন, "ক্ষমতা চিরস্থায়ী করতেই সরকার পঞ্চদশ সংশোধনী পাস করিয়েছে। এর মাধ্যমে সংসদের অধিকার হরণ করা হয়েছে। এই সংশোধনী জনগন মানে না।" "তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি ছাড়া আগামীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।" গত ৩০ জুন সংসদে বিএনপির অনুপস্থিতিতে পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল পাস হয়। এর ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাংবিধানিকভাবে বাতিল হয়েছে। সরকারি দলের আলোচনার প্রস্তাব সর্ম্পকে সাবেক এই মন্ত্রী বলেন, " সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তুলে সরকার কবিরা গুনাহ করেছে। তাই তাদের মক্কায় গিয়ে তওবা করা উচিৎ। এখন তারা (সরকার) আলোচনা কথা বলে জনগনকে বিভ্রান্তি করছে।" বিএনপির ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, চেয়াপার্সনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, শামসুজ্জামান দুদু , মীর মোহাম্মদ নাসির উদ্দিন, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এম ইলিয়াস আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভূঁইয়া, মহিলা সাংসদ আসিফা আশরাফি পাপিয়া, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, যুগ্ম আহবায়ক আবু সাইদ খান খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরফত আলী, ছাত্র দল সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম প্রমুখ বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৩৮ ঘ.