২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফল পাল্টাতেই ইভিএম, দাবি বিএনপির

ইলেক্ট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) 'ভোট কারচুপির যন্ত্র' আখ্যায়িত করে প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, নির্বাচনের ফল পাল্টে দিতেই এই মেশিন চালু করতে চাচ্ছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 09:49 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলেক্ট্রনিক ভোটিং মেশিনকে (ইভিএম) 'ভোট কারচুপির যন্ত্র' আখ্যায়িত করে প্রধান বিরোধী দল বিএনপি বলেছে, নির্বাচনের ফল পাল্টে দিতেই এই মেশিন চালু করতে চাচ্ছে সরকার। মঙ্গলবার সকালে এক কর্মশালায় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন। তিনি বলেন, "সরকার পরিকল্পিতভাবে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করেছে। এর উদ্দেশ্য আগামী নির্বাচন দলীয় সরকারের অধীনে অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ভোটের ফল পাল্টে দেওয়া। ভোট কারচুপির যন্ত্র- ইলেক্ট্রনিক ভোটিং মেশিন চালুর উদ্যোগও এর সঙ্গে যুক্ত।" ২০০৯ সালের ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরোশন নির্বাচনে একটি ওয়ার্ডে ইভিএমে পরীক্ষামূলকভাবে ভোট গ্রহণ করে ইসি। তখন বিএনপি কিছু না বললেও এখন জোরেশোরে আপত্তি তুলছে। সেন্টার ফর ন্যাশনাল স্টাডিজের (সিএনএস) উদোগে রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন মিলনায়তনে 'ইলেক্ট্রনিক ভোটিং সিস্টেম' শীর্ষক এ কর্মশালা আয়োজন করা হয়। এতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ ও ফলাফল গণনায় কারচুপি ও অনিয়মের বিভিন্ন দিক তুলে ধরেন নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সালেহউদ্দিন আহমেদ শেলু। তিনি বলেন, ইএমভি প্রবর্তনের জন্য দেশে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা নেই। ভোটারদের মধ্যে প্রযুক্তিগত সচেতনতা ও শিক্ষার অভাব রয়েছে। মেশিন পরিচালনায় রয়েছে দক্ষ জনবলের অভাব। ইভিএম মেশিনে ভোটের গোপনীয়তা রক্ষা হয় না। মূল প্রবন্ধে বলা হয়, জাতীয় নির্বাচনের জন্য ২ লাখ মেশিনের প্রয়োজন হবে। এজন্য সরকারকে ৮০০ কোটি টাকা ব্যয় করতে হবে, যা ব্যয়বহুল। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, জার্মানি ও ফিনল্যান্ডের সুপ্রিম কোর্ট ইলেক্ট্রনিক ভোটিং ব্যবস্থা বাতিল করেছে বলেও উল্লেখ করা হয় মূল প্রবন্ধে। ইভিএমসহ বেশকিছু বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে আমন্ত্রণ জানানো হলেও সংলাপে বিএনপিসহ চার দলের কোনো শরিক অংশ নেয়নি। কর্মশালার শুরুতে সেন্টার ফর ন্যাশনাল স্টাডিজের নির্বাহী পরিচালক সাবেক রাষ্ট্রদূত সাবিহ উদ্দিন আহমেদ স্বাগত বক্তব্য রাখেন। এ ছাড়া ইভিএমের ওপর আলোচনায় অংশ নেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এমএ রউফ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের প্রধান অধ্যাপক এমএ আউয়াল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান প্রমুখ। কর্মশালায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নান, শওকত মাহমুদ, মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরা, সাবেক সচিব ইসমাইল জবিউল্লাহ, সাবেক প্রধানমন্ত্রীর প্রেস সচিব তাজুল ইসলাম ও ফেমার সাবেক নির্বাহী পরিচালক বোরহান উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমআই/১৫৩৪ ঘ.