২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তত্ত্বাবধায়ক বাতিলের বিরোধিতা সরকারের ভেতরেও: ফখরুল

তত্ত্ববাধয়ক সরকার পদ্ধতি বাতিল করে সংবিধান সংশোধন হলেও এর বিরোধিতা সরকারের ভেতরেই রয়েছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2011, 10:15 AM

Updated : 24 Aug 2022, 03:29 PM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্ববাধয়ক সরকার পদ্ধতি বাতিল করে সংবিধান সংশোধন হলেও এর বিরোধিতা সরকারের ভেতরেই রয়েছে বলে দাবি করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি রোববার এক সংবাদ সম্মেলনে বলেন, পঞ্চদশ সংশোধনী দেশবাসীর আশা-আকাক্সক্ষার পরিপন্থী। এর মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা হয়েছে। "দেশের ডান ও বাম দলও এতে ভিন্নমত পোষণ করেছে। সরকারের ভেতরেও রয়েছে বিরোধিতা। বিদেশি বন্ধুরাও অশনি সঙ্কেত দিচ্ছে", বলেন ফখরুল। সরকারবিরোধী আন্দোলনে বিএনপি নেতাদের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এ বক্তব্যের পরদিনই এ কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। সৈয়দ আশরাফুল ইসলাম শনিবার এক সংবাদ সম্মেলনে বলেন, "বিএনপি নেতারাই এখন শঙ্কিত যে তিনি (খালেদা) কাদের লাশ চান, কাদের রক্ত চান। তাই বিএনপি নেতারা এখন পেছনে তিন-চার জন লোক নিয়ে ঘোরেন।" গত বৃহস্পতিবার সংসদে পঞ্চদশ সংশোধনী বিল পাস হয়। আওয়ামী লীগের জোটসঙ্গী বেশ কয়েকটি দল রাষ্ট্রধর্ম রাখার বিরোধিতা করছে। তাদের বিরোধিতার পাশাপাশি বাংলাদেশে রাজনৈতকি পটপরিবর্তনের শঙ্কা প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দেওয়া বক্তব্যের দিকে ইঙ্গিত করেই যে ফখরুলের এ বক্তব্য, তা স্পষ্ট। সরকারের এহেন অপতৎপরতা রাজপথে কঠিন আন্দোলনের মাধ্যমে প্রতিরোধ করা হবে বলে জানান তিনি। সংবিধান পরিবর্তনসহ বিভিন্ন দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব নয়া পল্টনে দলীয় কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, সংসদীয় 'একনায়কতন্ত্রের' জোরে সরকার এ সংশোধনী অনুমোদন করেছে। "তোফায়েল আহমেদ আজ আফসোস করে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার জন্য আমি জেল খেটেছিলাম কেন।" ফখরুল বলেন, "আওয়ামী লীগ বিদেশি প্রভু ও এদেশে অনুচরদের স্বার্থেই সংবিধান থেকে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস তুলে দিয়েছে।" সংশোধিত সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম ও 'বিসমিল্লাহ,,' বহাল রাখা হলেও 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' শব্দবন্ধ বাদ পড়ায় ইসলামী কয়েকটি দল ইতোমধ্যে ১০ ও ১১ জুলাই সারাদেশে ৩০ ঘণ্টার হরতাল কর্মসূচি দিয়েছে। ওই হরতালে বিএনপির সমর্থন রয়েছে কি না- জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "আমরা বুধ ও বৃহস্পতিবার টানা হরতাল দিয়েছি। ১০ ও ১১ জুলাইয়ের বিষয়ে এখনই কিছু বলবো না।" সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে ছিলেন এমকে আনোয়ার, নজরুল ইসলাম খান, আবদুল্লাহ আল নোমান, আবদুল মান্নান, আহমেদ আজম খান, এজেডএম জাহিদ হোসেন, আমানউল্লাহ আমান, বরকতউল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, রুহুল কবির রিজভী, গোলাম আকবর খন্দকার, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, আবদুস সালাম, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, শিরিন সুলতানা প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬০৩ ঘ.