২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেককে ফাঁসানো হচ্ছে, আশঙ্কা ফখরুলের

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্টের গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিলের একদিন আগেই বিএনপি অভিযোগ করেছে, বিএনপি চেয়ারপারসন খালোদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ওই মামলায় জড়াতে নানা ষড়যন্ত্র হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2011, 11:25 AM

Updated : 24 Aug 2022, 03:28 PM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ২১ আগস্টের গ্রেনেড মামলার সম্পূরক অভিযোগপত্র দাখিলের একদিন আগেই বিএনপি অভিযোগ করেছে, বিএনপি চেয়ারপারসন খালোদা জিয়ার বড় ছেলে তারেক রহমানকে ওই মামলায় জড়াতে নানা ষড়যন্ত্র হচ্ছে। শনিবার দুপুরে এক সংবাদ ব্রিফিংয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই অভিযোগ করেন। তিনি বলেন, "সরকারকে স্পষ্টভাষায় বলে দিতে চাই, তারেক রহমানকে নিয়ে আবার নতুন কোনো হিংসাত্মক চক্রান্তে মেতে উঠলে এদেশের জনগণ রাজপথে প্রতিরোধ গড়ে তুলবে।" ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভী রহমানসহ অন্তত ২৪ জন নিহত ও শতাধিক আহত হন। ওই ঘটনায় দায়ের করা দুটি মামলায় সিআইডির দেওয়া অভিযোগপত্রে বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন এবং হরকাতুল জিহাদ নেতা মুফতি আবদুল হান্নানসহ ২২ জনকে আসামি করা হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এ মামলার তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ ওঠার পর আদালত মামলাটি পুনতদন্তের নির্দেশ দেয়। রোববার মহানগর হাকিম আদালতে এ মামলার সম্পূরকে অভিযোগপত্র দাখিলের দিন নির্ধারিত আছে। শনিবার দুপুরে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে মির্জা ফখরুল বলেন, "সরকার জিয়া পরিবারের বিরুদ্ধে একের পর এক অপপ্রচার চালিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করতে চায়। এ জন্য তারা (সরকার) সংখ্যাগরিষ্ঠতার জোরে সেমি বাকশাল সংসদে সংবিধান সংশোধন করেছে।" একটি গণমাধ্যমে তারেক রহমানকে নিয়ে 'আগাম মিথ্যা অপপ্রচার' চালানো হচ্ছে অভিযোগ করে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "এটা সরকারের আরেকটি গভীর ষড়যন্ত্রের অংশবিশেষ। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডয়ার সব নয়, অল্প কিছু অনুগত গণমাধ্যম সরকারের এই হীন কর্মকাণ্ডের অংশীদার হয়েছে। আমরা ওই সব গণমাধ্যমের উদ্দেশে বলতে চাই- নিজেদের আত্মা বিক্রি করে মন্দ কাজে যুক্ত হলে জনগণই প্রতিশোধ নেবে।" ব্রিফিংয়ে অন্যদের মধ্যে দলের সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন, আবদুল লতিফ জনি, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৭১৯ ঘ.