ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের পরও বিরোধী দলের প্রস্তাব নিয়ে আলোচনায় আগ্রহের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সংসদে পঞ্চদশ সংবিধান সংশোধন বিল পাসের পর তিনি বলেন, "যদি কোনো ফর্মুলা থাকে- তাহলে আসতে পারেন। কথা বলতে পারেন।"
সংবিধানের এ সংশোধনের মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হলো। বিএনপি বলে আসছে, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা যাবে না।
সংসদ নেতা হাসিনা বলেন, "বিশ্বের সব গণতান্ত্রিক দেশে সংসদীয় গণতন্ত্র যেভাবে চলে, আমাদের দেশেও গণতন্ত্র কার্যকর থাকবে। সে দেশগুলোতে নির্বাচন যেভাবে হয় আমাদের এখানেও সেভাবে নির্বাচন হবে। নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে।"
আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি না করতে বিরোধীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ প্রধান।
কুরআন শরিফের 'আল-ইমরান' সূরাতে আয়াত উদ্ধৃত করে হাসিনা বলেন, "ক্ষমতায় কে যাবে, আর কে যাবে না- তা তিনিই (আল্লাহ) নির্ধারণ করেন। তিনি কাকে ক্ষমতা দেবেন, তা তিনিই নির্ধারণ করেন।"
সংবিধান সংশোধনের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন হাসিনা। আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকাখচিত শাড়ীতে হাসিনাকে বক্তব্য রাখার সময় বেশ সপ্রতিভ দেখাচ্ছিলো।
"আজ একটি পবিত্র দিন। জনগণের ক্ষমতা ও ভোটের অধিকার নিশ্চিত করতে পেরেছি", বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে এক সময় আন্দোলনকারী আওয়ামী লীগের প্রধান বলেন, "আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছিলাম।"
সংবিধান সংশোধন নিয়ে বিরোধী দল ও ইসলামী দলগুলোর আপত্তির জবাবে তিনি বলেন, "বলা হচ্ছে, আল্লাহর নাম বাদ দেওয়া হয়েছে। এগুলো কেন বলা হচ্ছে- তা বোধগম্য নয়।"
"আল্লাহর নাম ও বিসমিল্লাহির রাহমানির রহিম সংবিধান থেকে বাদ দেওয়া হয়নি। আমরা রাষ্ট্রধর্ম ইসলাম রেখেছি", জোর গলায় বলেন তিনি।
সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষতা যোগ করায় সমালোচনার জবাবে হাসিনা বলেন, "ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। আমরা সব ধর্মের প্রতি সম্মান রেখেছি।"
জাতীয়তা ও নাগরিকত্ব নিয়ে মহাজোটের শরিক বাম দলগুলোর আপত্তির জবাবে তিনি বলেন, "মুক্তিযুদ্ধের সময় আমরা বাঙালি হিসাবে যুদ্ধ করেছি। বাংলাদেশের নাগরিকরা বাঙালি হিসাবে পরিচয় দিতে পারবেন। আদিবাসী ও নৃ-তাত্ত্বিক গোষ্ঠির লোকেরা নিজেদের বাংলাদেশের নাগরিক হিসাবে পরিচয় দিতে পারবেন।"
সরকারি দপ্তরগুলোতে সরকার প্রধানের ছবি রাখার সংবিধানের ৪ (ক) অনুচ্ছেদ বিলুপ্তির বিষয়টি তুলে ধরে হাসিনা বলেন, "এখন আর প্রধানমন্ত্রীর ছবি টাঙানোর বাধ্যবাধকতা থাকলো না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/এমআই/১৮০০ ঘ.
bdnews24