নড়াইল, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নড়াইলের লোহাগড়া উপজেলায় নির্বাচনী সহিংসতায় কমপক্ষে ১৪ জন আহত হয়েছে। ভাংচুর হয়েছে আটটি মটর সাইকেল।
শুক্রবার রাত ১২টার দিকে কাশিপুর ইউনিয়নের পদ্মবিলা গ্রামে এ ঘটনা ঘটে বলে লোহাগড়া থানার ওসি মো. আশরাফ হোসেন জানান।
কাশিপুর ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচনী প্রচারণা শেষে তার সমর্থকরা বাড়ি ফেরার সময় অন্য প্রার্থী আজিজুর রহমানের সমর্থকদের তাদের ওপর হামলা চালায়।
মতিয়ার দাবি করেন, হামলায় তার ১২ সমর্থক আহত এবং আটটি মটর সাইকেল ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজিজুরের সমর্থক নায়েব আলী হামলায় নেতৃত্ব দেন বলে মতিয়ারের অভিযোগ।
আহতদের মধ্যে উত্তম সমাদ্দার (৪০) নামে এক জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে হামলার অভিযোগ প্রত্যাখ্যান করে নায়েব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতিয়ার সমর্থকরা তার বাড়িতে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে আজিজ সমর্থক লক্ষ্মীকান্ত হৌড় (৪৫), সুমন হৌড় (৪৭) আহত হয় বলে জানান নায়েব।
ওসি আশরাফ বলেন, সংঘর্ষের পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সংঘর্ষে জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১৪০০ ঘ.
bdnews24