২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের আলোচনার প্রস্তাব 'ছলচাতুরী': ফখরুল

সংবিধান সংশোধনের বিষয়ে সরকারের আলোচনার প্রস্তাব 'ছলচাতুরী'-বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 01:49 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধান সংশোধনের বিষয়ে সরকারের আলোচনার প্রস্তাব 'ছলচাতুরী'-বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে এক সমাবেশে প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ মন্তব্য করেন। তিনি বলেন, "আমরা সরকারকে স্পষ্টভাবে বলে দিতে চাই- কোনো দলীয় সরকার নয়, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। সংবিধান সংশোধনে সরকারের আলোচনার প্রস্তাব প্রতারণামূলক। ভোটের অধিকার রক্ষায় ইনশাল্লাহ আমরা লাগাতার আন্দোলনে যাব।" অবশ্য ভারপ্রাপ্ত মহাসচিব এও বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বহাল রাখলে ওই সরকারের প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে চাইলে সরকারকে তা জানাতে হবে। সংবিধান সংশোধন করে সরকারের শেষ রক্ষা হবে না বলেও হুঁশিয়ার করে দেন তিনি। নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সার, বীজ, কীটনাশক ও কৃষি উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকাসহ সারাদেশে বিএনপি এই বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে। গত ১৮ জুন বিক্ষোভ সমাবেশসহ তিনদিনের নতুন কর্মসূচি ঘোষণা করে দলটি। সোমবার মন্ত্রিসভা সংবিধান সংশোধন সংক্রান্ত সংসদীয় কমিটির সুপারিশ অনুমোদন করেছে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "আজ আমাদের কথা সত্য প্রমাণিত হয়েছে। ১৯৮৬ সালে চট্টগ্রামের লালদিঘীর ময়দানে শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, এরশাদের সঙ্গে যারা নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান হিসাবে আখ্যায়িত হবে। এ ঘোষণা দিয়ে পরদিনই তিনি নির্বাচনে যান। "এভাবেই তিনি (শেখ হাসিনা) দেশের মানুষের কাছে জাতীয় বেঈমান হয়েছিলেন। এবারও তারা আলোচনা কথা বললেও দলীয় সরকারের অধীনেই নির্বাচনের ষড়যন্ত্র করছে।" সাবেক এই কৃষি প্রতিমন্ত্রী বর্তমান সরকার 'কৃষিবান্ধব' নয় দাবি করে বলেন, তারা কৃষকদের ধ্বংস করে দিচ্ছে। উদ্দেশ্য একটাই- কৃষি অর্থনীতিকে ধ্বংস করে দেশকে একটি প্রতিবেশি দেশের বাজারে পরিণত করা। সার, বীজ ও কৃষি উপকরণের দাম বৃদ্ধির চিত্রও তুলে ধরেন তিনি। বিএনপি স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার দাবি করেন, চাল ও তেলের মূল্য বর্তমান সরকারের আমলে ৫০ শতাংশ বেড়েছে। বিনা টেন্ডারে অর্থ 'লুটপাটের' জন্য সরকার সংসদে আইন পাস করেছে। সরকারের 'ভারতপ্রীতির' সমালোচনা করে তিনি বলেন, "ট্রানজিট ও বন্দর ব্যবহারের অনুমতি দিয়ে দেশের কোনো লাভ হয়নি। ভারত থেকে একটি পয়সাও পাচ্ছে না। তারা (সরকার) এই দেশকে সিকিম বানাতে চায়।'' স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কৃষি পণ্য ও উপকরণের মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, "সব ধরনের সারের মূল্য বিএনপি শাসনামল থেকে দ্বিগুণ হয়েছে বর্তমান সরকারের আমলে। কৃষকরা তাদের পণ্যের দাম পাচ্ছে না। সরকারের সেদিকে নজর নেই। তারা সংবিধান সংশোধন করে আবারো ক্ষমতায় থাকার ষড়যন্ত্র লিপ্ত রয়েছে।'' মহানগর আহবায়ক ও ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে সহ সভাপতি আবদুল্লাহ আল নোমান, আলতাফ হোসেন চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শরাফত আলী সপু, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশ পরিচালনা করেন, মহানগর সদস্য সচিব আবদুস সালাম ও আবদুল আলীম নকি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৯৪০ ঘ.