ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিরোধী দলের নেতা-কর্মীদের আটক করছে পুলিশ। কয়েকটি জেলায় বিএনপির মিছিলে লাঠিপেটায় আহত হয়েছে অন্তত ৩০ জন।
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পরিকল্পনার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা দেশব্যাপী হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। তার সমর্থনে শনিবার মিছিল করতে গিয়ে রাজশাহী, বরিশাল, পিরোজপুর ও পাবনায় বাধা পায় বিএনপি।
এছাড়া বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে প্রচারপত্র বিলি করে বিএনপি নেতা-কর্মীরা। খুলনায় ১২, বরগুনার ৫, বরিশালে ৫ জন গ্রেপ্তার হওয়ার খবর পাওয়া গেছে।
বরিশাল : মিছিলে পুলিশের লাঠিপেটায় অন্তত ১০ জন আহত হয়েছে বলে দাবি করেছে মহানগর বিএনপি। ছাত্রদলের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার বিকেলে ৫টায় মিছিল নিয়ে বের হলে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে তাতে পুলিশ বাধা দেয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল আহসান শাহীন সাংবাদিকদের জানান, পুলিশ মিছিল থেকে সোহেল রাঢ়ী (২৬), হিরা (৩৪), শামীম (৩০), আল আমিন (২২), ফরহাদ ইসলাম (২৬) নামে পাঁচ জনকে আটক করে।
পুলিশি হামলায় আহতদের মধ্যে রয়েছেন জেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ হাসান মামুন, যুগ্ম-আহবায়ক হাফিজ আহমেদ বাবলু, মো. হাবিবুল্লাহ, সদস্য ফরহাদ ইসলাম প্রমুখ।
পুলিশ বিনা উস্কানিতে মিছিলে হামলা চালায় বলে দাবি করেন কামরুল।
তবে কোতোয়ালি থানার ওসি মতিউর রহমান সাংবাদিকদের বলেন, মিছিল করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালানোতে সদর রোড এলাকা থেকে ৫ জনকে আটক করা হয়েছে। তারা থানা হেফাজতে রয়েছে।
পিরোজপুর : সকালে হরতালের সমর্থনে জেলা শহরে বিএনপি মিছিল বের করে। কেন্দ্রীয় মসজিদের সামনে মিছিলটি এলেই পুলিশ এতে বাধা দেয়।
পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি নেতা-কর্মীরা মিছিল নিয়ে এগোতে চাইলে পুলিশ লাঠিপেটা শুরু করে। পুলিশের হামলায় ছয় জন আহত হয়েছে বলে জেলা বিএনপির সভাপতি গাজী নূরুজ্জামান বাদল দাবি করেছেন।
মিছিলের আগে পিরোজপুর বিএনপির নেতারা শহরের প্রধান বাজারে হরতালের সমর্থনে ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিলি করেন।
পাবনা : দুপুরে জেলা শহরে বিএনপির মিছিলে পুলিশ লাঠিপেটা করে। এতে আহত হয় ১২ জন।
জেলা বিএনপির সভাপতি কেএস মাহমুদ সাংবাদিকদের জানান, হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলটি শহরের পুরাতন বাস টার্মিনাল পৌঁছলে পুলিশ বিনা উস্কানিতে তাতে লাঠি চালায়।
পুলিশি হামলায় আহতদের মধ্যে রয়েছেন সদর উপজেলা বিএনপির সভাপতি একেএম মুসা, সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, পৌর বিএনপির সভাপতি তৌফিক হাবিব, সাংগঠনিক সম্পাদক আরিফ খান, জেলা যুবদলের সভাপতি শেখ তুহিন প্রমুখ।
হামলার প্রতিবাদে জেলা বিএনপির সভাপতির সভাপতিত্বে দলীয় কার্যালয়ে সামনে এক প্রতিবাদ সমাবেশ হয়।
নোয়াখালী : বিকালে বিএনপি-জামায়াতের কর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। ওই সময় ছাত্রদলের দুই কর্মী আহত হয় বলে বিএনপি দাবি করেছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ আজাদ সাংবাদিকদের জানান, পুলিশ মিছিলটিকে দুইবার বাধা দেয়। পরে তারা জামে মসজিদ মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
আহতরা হলো- ছাত্রদলের কর্মী আবদুল কাইয়ুম (২৪) ও মো. সুজন (২০)। কাইয়ুমকে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
সুধারাম থানার ওসি মোশারফ হোসেন জানান, মিছিলটি শহরে ঢুকলে শান্তিশৃঙ্খলা বিনষ্ট হওয়ার সম্ভাবনা ছিল। তাই মিছিল শহরে ঢুকতে দেওয়া হয়নি।
খুলনা : হরতাল সামনে রেখে শুক্রবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি এবং অঙ্গ সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হরতাল সামনে রেখে খানজাহান আলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হেলাল শরীফসহ ১২ নেতাকর্মীকে আটক করা হয়েছে।
খুলনা থানার ওসি এস এম কামরুজ্জামান সাংবাদিকদের জানান, হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় দন্ডবিধির ১৫১ ধারায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়াও বিভিন্ন নেতা-কর্মীর বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে বলে অভিযোগ করেন মঞ্জু।
বরগুনা : পাথরঘাটা উপজেলা বিএনপি এবং জামায়াতে ইসলামীর ৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
তারা হলেন- পাথরঘাটা পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক এসমাইল হোসেন সিকদার, পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক সাচ্চু মিয়া, এনামুল হক ইমু, জামায়াত নেতা মাওলানা বজলুর রহমান ও আজগর মিয়া।
জেলা বিএনপির সভাপতি মাহাবুবুল আলম ফারুক মোল্লা জানান, হরতাল ঠেকাতে তাদের দলের নেতাকর্মীদের অহেতুক গ্রেপ্তার করে হয়রানি করা হচ্ছে।
পাথরঘাটা থানার ওসি উজ্জ্বল কুমার দে জানান, হরতাল ঠেকাতে নয়। নাশকতা করতে পারে এমন আশঙ্কায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
চট্টগ্রাম : চট্টগ্রামে হরতালের সমর্থনে প্রচারপত্র বিলি করেছে নগর বিএনপি নেতারা। সকালে নগরীর কাজীর দেউরী এবং এর আশেপাশের এলাকায় হরতালের সমর্থনে প্রচারপত্র বিলি করা হয়।
লিফলেট বিলির সময় ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মাজহারুল ইসলাম দোলন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, নগর ছাত্রদলের সাধারণ সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/সিএস/এমআই/১৯৩০ ঘ.
bdnews24