পাবনা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার বেড়া উপজেলার একটি ইউনিয়নে নির্বাচনের ফলাফলের পর গুলিতে এক যুবদলকর্মী নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ১২টার দিকে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের সমবায় দুগ্ধ সমিতি কেন্দ্রে সংঘাতে ওই যুবকের মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
বেড়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, গুলিতে ওসমান গণি গামা (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি যুবদলকর্মী।
হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে মঙ্গলবার দিনব্যাপী ভোটগ্রহণ হয়। রাতে প্রকাশিত ফলাফলে বিএনপি সমর্থিত নূর চাঁদ প্রামাণিককে বিজয়ী ঘোষণা করা হয়।
নূর চাঁদ সাংবাদিকদের বলেন, এরপর পরাজিত প্রার্থী আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমানের সমর্থকরা তার সমর্থকদের ওপর হামলা চালায়। আর তাতে গামা নিহত হন।
আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে পুলিশও গুলি চালায় বলে নূর চাঁদের অভিযোগ। তবে এসআই রাজ্জাক বলেন, পুলিশের গুলিতে গামা নিহত হননি।
পাবনা সদর হাসপাতালে ময়নাতদন্তের পর দুপুরে গামার লাশ বাড়িতে পাঠানো হয়।
ভোটগ্রহণে অনিয়মের কারণে সমবায় দুগ্ধ সমিতি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আব্দুল হামিদ, পোলিং কর্মকর্তা কবিরুল ইসলামকে আটক করা হয়েছে বলে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
বেড়া থানার পুলিশ কর্মকর্তা রাজ্জাক বলেন, সব মিলিয়ে ২০ জনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানায়, সব কেন্দ্রের ভোট গণণা শেষ হলেও ওই কেন্দ্রের ফলাফল দিতে দেরি হওয়ায় মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে। রাত সাড়ে ১১টার দিকে নির্বাচন কমিশন প্রদত্ত ফরমে ফলাফল না দিয়ে প্রিসাইডিং কর্মকর্তা সাদা কাগজে ফলাফল লিখে ঘোষণা করেন। এতে ক্ষোভ আরো বাড়ে।
নূর চাঁদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাদা কাগজে ফলাফল জনগণ না মেনে বিক্ষোভ শুরু করলে মোস্তাফিজুরের সমর্থকরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই ঘাড়ে গুলিবিদ্ধ হয়ে গামা মারা যায়।
সংঘাতে অন্তত ২০ জন আহত হয়েছে। এর মধ্যে কয়েকজন গুলিবিদ্ধ হয়েছে বলেও স্থানীয়রা জানায়।
পাবনা সদর হাসপাতালের সেবক আব্দুল মজিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, সবুজ (১৭) নামে গুলিবিদ্ধ এক জন হাসপাতালে ভর্তি হয়েছে।
নূর চাঁদ জানান, ভয়ে অনেকে গোপনে চিকিৎসা নিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/সিএস/এমআই/১৩৩৩ ঘ.
bdnews24