২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে নির্বাচনের সময় লুণ্ঠিত রাইফেলটি উদ্ধার

মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় ভোট গণনার সময় আনসারের লুণ্ঠিত রাইফেলটি উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2011, 07:11 AM

Updated : 24 Aug 2022, 03:11 PM

মুন্সীগঞ্জ, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলায় ভোট গণনার সময় আনসারের লুণ্ঠিত রাইফেলটি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার লতুফদি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অস্ত্র ছিনতাইয়ের এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ব্যালট পেপার ও ব্যালট বাক্সও ছিনতাই করে নিয়ে যায়। মঙ্গলবার গভীর রাতে ঘটনাস্থল থেকে দুই কিলোমিটার দূরে ইছামতি নদীর তীর থেকে রাইফেলটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ সুপার (এসপি) মো. শফিকুল ইসলাম। বুধবার সকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লুট হওয়া ব্যালট পেপার ও ব্যালট বাক্স উদ্ধার করা যায়নি। এই কেন্দ্রের ভোট গণনা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এই কেন্দ্রে পুনরায় ভোটগ্রহণ হবে। এই ঘটনায় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবুল কালাম রাতেই দেড় হাজার অজ্ঞাতনামা লোককে আসামি করে সিরাজদিখান থানায় মামলা দায়ের করেছেন। তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি বলে জানান এসপি। এদিকে একই উপজেলার ইছাপুরা ও কোলা ইউনিয়নে ফলাফল ঘোষণা নিয়ে সহিংসতার ঘটনায় আরো দুটি মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩০৬ ঘ.