ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিগ-২৯ যুদ্ধবিমান কেনায় দুর্নীতির মামলায় সাবেক বিমান বাহিনী প্রধান জামাল উদ্দিনসহ পাঁচ আসামির সবাই খালাস পেয়েছেন।
বুধবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল মজিদ আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
খালাস পাওয়া অন্যরা হলেন- অবসরপ্রাপ্ত এয়ার কমোডর মির্জা আখতার মারুফ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব সৈয়দ ইউসুফ হোসেন ও সাবেক যুগ্ম সচিব মোহাম্মদ হোসেন সেরনিয়াবাত এবং ইউনিক গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক নূর আলী।
চারদলীয় জোট সরকার আমলে করা এ মামলায় আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার নাম আসামির তালিকায় থাকলেও উচ্চ আদালত তাকে আগেই অব্যাহতি দেয়।
রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, "এটি ছিলো একটি হয়রানিমূলক মামলা। গত ১০টি বছর হয়রানি পোহাতে হয়েছে।"
মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছিলো দাবি করে তিনি বলেন, এ রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে।
এ মামলায় গত ৪ মে এক দিনে ২৬ জনের সাক্ষ্যগ্রহণের বিষয়টি তুলে ধরে রাজনৈতিক কারণেই মামলাটি দ্রুত নিষ্পত্তি করা হয়েছে কি না- জানতে চাওয়া হলে জামাল বলেন, এটি আদালতের বিষয়ে। এ বিষয়ে মন্তব্য করা সমীচীন নয়।
নূর আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ মামলাটি ছিলো রাজনৈতিক হয়রানিমূলক। তা রায়ে প্রমাণ হয়েছে।"
মামলার রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শাহীন আহমেদ খান সাংবাদিকদের বলেন, "মামলার এজাহারের মধ্যে ও অভিযোগপত্রে আত্মসাতের অভিযোগ নেই, আছে অপচয়ের অভিযোগ। অথচ অভিযোগ গঠন হয়েছে আত্মসাতের। এই বৈপরীত্যের কারণেই আসামিরা খালাস পেলেন। তদন্ত কর্মকর্তা মামলা তদন্তে হয় অবহেলা করেছেন, না হয় ভুল করেছেন।"
তিনি বলেন, তদন্ত কর্মকর্তা মামলার আলামত জব্দ করেননি। মিগ-২৯ বিমান জব্দ করে জিম্মায় রাখতে পারতেন। আদালতকে তা প্রদর্শন না করলেও চলতো।
এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে কি না জানতে চাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রায়ের পুরো কপি পাওয়ার পর সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা (বর্তমান দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক) আবদুল্লাহ আল জাহিদ ২০০১ সালের ১১ ডিসেম্বর তেজগাঁও থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে নয় জনের বিরুদ্ধে মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, ক্ষমতায় থাকাকালে নিজেরা লাভবান হওয়ার জন্য বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৭০০ কোটি টাকা মূল্যে আটটি মিগ-২৯ কিনে আসামিরা সরকারের আর্থিক ক্ষতি করেছেন।
তদন্ত শেষে ২০০৮ সালের ২০ অগাস্ট শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে আদালত অভিযোগ গঠন করে। অভিযুক্ত অন্য জন সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল মুস্তাফিজুর রহমান ২০০৮ সালের ৩ অগাস্ট মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএইচ/এমআই/আরএ/১২৪৫ ঘ.
bdnews24