ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়া হলেও আদালতে হাজির করা হয়নি।
মঙ্গলবার সকাল ১০টার দিকে পুরনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে সাঈদীকে নেওয়া হয়। তার জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা ছিলো।
কিন্তু সাঈদী অসুস্থ হয়ে পড়ায় আদালতে না তুলেই তাকে কারা হেফাজতে ফেরত পাঠানো হয়।
সাঈদীর বিরুদ্ধে একাত্তরে হত্যা-ধর্ষণ-লুণ্ঠনের অভিযোগের প্রমাণ সম্বলিত ৪ হাজার ৭৪ পৃষ্ঠার প্রতিবেদন তৈরির কথা সোমবার জানায় যুদ্ধাপরাধ তদন্ত সংস্থা।
তদন্ত কর্মকর্তা সানাউল হক সোমবার বেইলি রোডে তদন্ত সংস্থার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "সাঈদী একাত্তরে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুণ্ঠন ও গণহত্যায় জড়িত ছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে অভিযোগের প্রতিবেদন তৈরি হয়েছে।"
১৫ খণ্ডের ওই প্রতিবেদনে ৪ হাজার ৭৪টি পৃষ্ঠা রয়েছে বলে তদন্ত কর্মকর্তারা জানান।
একাত্তরের যুদ্ধাপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাঈদীকে গত বছর গ্রেপ্তার করা হয়।
এরপর সাঈদীর এলাকা পিরোজপুরে তদন্ত চালিয়ে যুদ্ধাপরাধে তার জড়িত থাকার প্রমাণ সংগ্রহ করেন তদন্ত কর্মকর্তারা। তারপর গত ১২ মে সেফ হোমে তাকে দিনভর জিজ্ঞাসাবাদ করা হয়।
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর থেকে এ পর্যন্ত জামায়াতের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিএনপিরও দুই নেতা একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। তাদের মধ্যে সংসদ সদস্য সালাউদ্দিন কাদের কারাগারে থাকলেও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১১০৫ ঘ.
bdnews24