২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে বৈঠক ইউনূসের অব্যাহতি প্রক্রিয়ায় ব্লেইকের উদ্বেগ

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অব্যাহতি প্রক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেইক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অব্যাহতি প্রক্রিয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেইক। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল সাড়ে ৪ টায় ওয়াশিংটনে হোটেল ম্যারিয়ট এর স্যুটে বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠককালে এই উদ্বেগের কথা জানান ব্লেইক। শুক্রবার খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। প্রেস সচিব বলেন, "ব্লেইকের সঙ্গে বৈঠকে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার পরিস্থিতি, বিচার বিভাগ, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অব্যাহতি ইস্যুসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন বিষয়ে আলোচনা হয়েছে।" গত ২২ মার্চ ঢাকা সফরকালে এক সংবাদ সম্মেলনে রবার্ট ব্লেইক বলেছিলেন, ড. মুহাম্মদ ইউনূসের অব্যাহতি ইস্যুতে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কে প্রভাব পড়বে। "সুশীল সমাজকে উপেক্ষা করে (ইউনূসের অব্যাহতির বিষয়ে) যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে (দুই দেশের) সম্পর্কের ওপর প্রভাব পড়বে।" পরে এপ্রিলের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্র কংগ্রেসের পররাষ্ট্র বিষয়ক কমিটির এক শুনানিতে জ্যেষ্ঠ এই মার্কিন কূটনীতিক আবারো সতর্ক করে দিয়ে বলেন, মুহাম্মদ ইউনূস ও সরকারের লড়াই যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে। অনুমতি না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে বাংলাদেশ ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংক থেকে নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দেয়। এর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়েও হারতে হয় তাকে। সর্বশেষ গত ৫ মে আরো শুনানির জন্য ইউনূসের করা আবেদনও আপিল বিভাগে খারিজ হয়ে যায়। এরপর গত ১২ মে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে 'ইস্তফা' দেওয়ার ঘোষণা দেন ইউনূস। মারুফ কামাল খান আরো জানান, বিএনপি চেয়ারপারসন হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টনি ব্লিনকেনের সঙ্গেও বৈঠক করেছেন। শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্ক থেকে দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে বিরোধী দলীয় নেতার। ব্লেইকের সঙ্গে বৈঠক প্রেস সচিব মারুফ কামাল খান জানান, খালেদার সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী গ্রামীণ ব্যাংক থেকে অধ্যাপক ইউনূসের অব্যাহতি প্রক্রিয়ায় সরকারের উদ্যোগে উদ্বেগ প্রকাশ করেন। ইউনূসের অব্যাহতির কারণে গ্রামীণ ব্যংকের ক্ষুদ্র ঋণ কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে বলেও আশংকা প্রকাশ করেন ব্লেইক। এ সময় বিরোধী দলীয় নেতা ব্লেইককে বলেন, অধ্যাপক ইউনূস একজন সম্মানীত ব্যক্তিত্ব। বিচার বিভাগে 'দলীয়করণ' হওয়ায় সেখানে তিনি ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন বলে দেশের মানুষ মনে করে। দেড় ঘন্টা স্থায়ী ওই বৈঠকে খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সর্ম্পক উ্ন্নয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। প্রেস সচিব বলেন, খালেদা জিয়া যুক্তরাষ্ট্রের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে তার আগ্রহের কথাও ব্যক্ত করেছেন। বিরোধী দলীয় নেতা ব্লেইককে বলেছেন, বাংলাদেশের জনগণ মনে করে, তৃতীয় পক্ষের কোনো মধ্যস্থতা ছাড়াই যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক গড়ে তোলা উচিত। যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে টেকসই গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় তার দেশের অবস্থান তুলে ধরেন। বিএনপি চেয়ারপারসন বাংলাদেশে বিরোধী দলের প্রতি সরকারের কথিত রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ, মিথ্যা মামলা দায়ের, মানবাধিকার পরিস্থিতি, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড, বিচার বিভাগ কথিত দলীয়করণের ফলে উদ্ভূত পরিস্থিতিও ব্যাখ্যা করেন। এ সময় দলের উপদেষ্টা ওসমান ফারুক, সহসভাপতি শমসের মবিন চৌধুরী, প্রেস সচিব মারুফ কামাল খান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ওয়াশিংটনে বৃস্পতিবার স্থানীয় সময় দুপুরে হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টনি ব্লিনকেনের সঙ্গে বৈঠক করেন বিরোধী দলীয় নেতা। এ সময় দুই দেশের দ্বি-পাক্ষিক সম্পর্ক ও সন্ত্রাসবাদ দমন বিষয়ে আলোচনা হয় বলে জানান প্রেস সচিব মারুফ কামাল খান। তিনি বলেন, ব্লিনকেনের সঙ্গে বৈঠকটি ছিলো এক ঘণ্টা স্থায়ী। এতে বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বিএনপির চিন্তাভাবনা এবং আগামীতে ক্ষমতায় গেলে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে দলীয় পরিকল্পনার বিষয়ে খালেদা জিয়ার কাছে জানতে চান ব্লিনকেন। খালেদা জিয়া তার পরিকল্পনার কথা তুলে ধরেন। বিরোধী দলীয় নেতা নিরাপত্তা উপদেষ্টাকে বলেছেন, ক্ষমতায় গেলে বাংলাদেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে তার দল নির্বাচন কমিশনকে স্বাধীন ও শক্তিশালী করতে পদক্ষেপ নেবে। বিচার বিভাগ এবং গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করবে। আর্থ-সামাজিক উন্নয়নে চার দলীয় জোট সরকারের আমলে নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরে সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, তার শাসনামলে নারীর ক্ষমতায়ন বিষয়টি উল্লেখযোগ্যভাবে সাফল্য লাভ করেছে। তার দল বিএনপি আবার ক্ষমতায় গেলে এ বিষয়ে আরও সফলভাবে কাজ করবেন বলে ব্লিনকেনকে জানান খালেদা জিয়া। এদিকে চারদিনের ওয়াশিংটন সফর শেষে বৃহস্পতিবার সন্ধ্যায় খালেদা জিয়া নিউ ইয়র্ক পৌঁছেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০০ ঘ.