ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবিএম খায়রুল হককে 'দলীয় লোক' আখ্যা দিয়ে খালেদা জিয়া বলেছেন, তাকে কোনোভাবেই পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মেনে নেবে না বিএনপি।
রোববার রাতে নিউইয়র্কে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, "খায়রুল হক দলীয় লোক, তাকে কোনোভাবেই প্রধান উপদেষ্টা মেনে নেবো না। এরজন্য যতো আন্দোলন প্রয়োজন তা আমরা কররো।"
দেশে ফিরে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে জোরালো আন্দোলন শুরু করারও ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন।
তিনি বলেন, "দেশে ফিরে আমি মধ্যবর্তী নির্বাচনের দাবিতে জোরালো আন্দোলন শুরু করবো। এজন্য আপনাদের সহযোগিতা চাই আমি।"
নিউইয়র্ক থেকে বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স ফ্রন্টের (বিএপিএফ) প্রেসিডেন্ট হাসানুজ্জামান হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে সিটির ম্যানহাটনে হোটেল শেরাটনের বল রুমে ওই সংবর্ধনা দেওয়া হয়। নিউইয়র্ক, ওয়াশিংটন, ক্যানসাস, ফ্লোরিডা, টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য, যুক্তরাজ্য ও কানাডা থেকে আগত দুই হাজারের বেশি প্রবাসী বাংলাদেশী সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।
গত শনিবার খালেদা জিয়া লন্ডন থেকে নিউইয়র্ক পৌঁছান।
বিএনপি চেয়ারপারসন এই অনুষ্ঠানে ৬৪ মিনিট বক্তব্য রাখেন। এতে তিনি দেশের বর্তমান অবস্থা, অর্থনীতি, আইনশৃঙ্খলা, পুঁজিবাজার, বিচার বিভাগ, মানবাধিকার পরিস্থিতিসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা তুলে ধরেন।
মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলে ধরে খালেদা বলেন, "সরকারকে পদত্যাগ করে মধ্যবর্তী নির্বাচন দিতে হবে। ওই নির্বাচন কোনো দলীয় সরকার অধীনে নয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে।"
যুদ্ধাপরাধীদের বিচারের নামে সরকার বিরোধী দলের ওপর দমন-নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেন খালেদা।
তিনি বলেন, "যুদ্ধাপরাধীর বিচারের নামে প্রহসন চলছে।"
যুদ্ধাপরাধীর বিচারের বিষয়ে দলের অবস্থান ব্যাখ্যা করে বিএনপি চেয়ারপারসন বলেন, "আমরা সব সময় বলে এসেছি, বিএনপিও যুদ্ধাপরাধীর বিচার চায়। তবে আওয়ামী লীগের মধ্যে যারা চিহ্নিত যুদ্ধাপরাধী রয়েছে তাদেরও গ্রেপ্তার করতে হবে।''
বিএনপি ক্ষমতায় গেলে প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার করবে বলে জানান খালেদা।
তিনি ভারতের সঙ্গে সরকারের চুক্তি, বিচার বিভাগ-জনপ্রশাসনে দলীয়করণের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, "সামরিক শাসনের সঙ্গে আওয়ামী লীগ সব সময় জড়িত ছিলো। ১৯৭৫ সালে খন্দকার মোশতাকের নেতৃত্বে দেশে সামরিক শাসন জারি হয়েছিলো। ৮৬ সালে সামরিক শাসক এরশাদের সঙ্গে নির্বাচনে গিয়ে জাতীয় বেঈমান হয়েছিলেন তাদের নেত্রী। একইভাবে ১/১১ তে তিনিই ঘোষণা দিয়েছিলেন- ক্ষমতায় গিয়ে অবৈধ ফখরুদ্দীন-মইনুদ্দীন সরকারকে বৈধতা দেবেন। আওয়ামী লীগ সবসময় সামরিক শাসনের সঙ্গে কাজ করেছে।"
ছেলে তারেকের ওপর ফখরুদ্দীন-মইনুদ্দীন সরকার অন্যায়ভাবে নির্যাতন করছে অভিযোগ করে তিনি বলেন, "তাদের বিচার অবশ্যই দেশের মাটিতে একদিন হবে।"
দলের সহসভাপতি সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা সভায় যুক্তরাষ্ট্র বিএনপি শাখার সভাপতি আবদুল লতিফ সম্রাট, সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক মজিবুর রহমান মজমুদার বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপি শাখার সাধারণ সম্পাদক কামাল পাশা বাবুল ও আয়োজক কমিটির সদস্য বেলাল মাহমুদ।
অন্যদের মধ্যে সফরসঙ্গী ওসমান ফারুক, আবদুল আউয়াল মিন্টু, মারুফ কামাল খান ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি শাখার জিল্লুর রহমান, সোলায়মান ভূঁইয়া, কানাডা বিএনপি শাখার ফয়সল চৌধুরী উপস্থিত ছিলেন।
গত ১৪ মে লন্ডনের উদ্দেশ্যে খালেদা জিয়া ঢাকা ত্যাগ করেন। আগামী ২৭ মে তার দেশের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা।
২০০৫ সালের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সর্বশেষ নিউইয়র্কে গিয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/প্রতিনিধি/এএল/কেএমএস/১৬১৬ ঘ.
bdnews24