২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনে সক্রিয় থাকায় জাহিদ গ্রেপ্তার: বিএনপি

নাখালপাড়ায় ভবন ধসের ঘটনা 'ছল' মাত্র, বরং সরকারবিরোধী আন্দোলনে পেশাজীবীদের সংগঠিত করায় ডা. এজেডএম জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2011, 07:59 AM

Updated : 24 Aug 2022, 03:08 PM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাখালপাড়ায় ভবন ধসের ঘটনা 'ছল' মাত্র, বরং সরকারবিরোধী আন্দোলনে পেশাজীবীদের সংগঠিত করায় ডা. এজেডএম জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি। বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ড্যাবের মহাসচিব জাহিদকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবিও জানিয়েছে দলটি। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, "অধ্যাপক জাহিদের গ্রেপ্তার সরকারের অন্ধকার ঢাকা দেয়ার কৌশল মাত্র। পেশাজীবীদের স্বার্থে আন্দোলনের নেতৃত্বের কারণে ষড়যন্ত্রমূলকভাবে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা মনে করি। তার বিরুদ্ধে অভিযোগ নিজর্লা মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত।" বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাহিদকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। তেজগাঁওয়ের নাখালপাড়ায় নির্মাণাধীন ইমপালস মেডিকেল কলেজ ও হাসপাতালের পাইলিংয়ের সময় ধসের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ জানিয়েছে, বিএমএ'র সাবেক মহাসচিব জাহিদ ওই হাসপাতালের মালিকদের একজন। তবে ফখরুল বলেন, ইমপালস হাসপাতালের সঙ্গে জাহিদ কিংবা তার কোনো স্বজনদের সম্পৃক্ততা নেই। ভবনটির মালিকের নামের সঙ্গে মিল কারণেই জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। ইমপালসের ব্যবস্থাপনা পরিচালকের নাম ড. জহির আল আমিন। ৮০ জন চিকিৎসক এর মালিক বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। জাহিদকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে ফখরুল বলেন, "তাদের (সরকার) পায়ের নিচে মাটি নেই। নিজেদের রাজত্ব দীর্ঘস্থায়ী করতে পোড়ামাটি নীতি অবলম্বন করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন চালাচ্ছে।" মগবাজারে ক্লিনিক থেকে জাহিদকে তুলে নেওয়ার পর জাহিদের ওপর নির্যাতনও চালানো হয় বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। ফখরুল বলেন, "এ ঘটনাটি ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর চৌধুরী আলমের গুম হওয়ার দুঃসহ স্মৃতি মনে করিয়ে দেয়। নির্যাতন করার জন্য জাহিদকে ক্যান্টনমেন্ট থানায় নেওয়া হয়।" জাহিদের আইনজীবী ও বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম বলেন, "তার (জাহিদ) বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা হয়েছে। অথচ তাকে নিয়ে যাওয়া হয়েছে ক্যান্টনমেন্ট থানায়। এটা আইনের সুস্পষ্ট বরখেলাপ। আমরা মনে করি, তাকে হয়রানি করার জন্য গ্রেপ্তার করা হয়েছে।" নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান পটল, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, অর্থ বিষয়ক সম্পাদক আবদুস সালাম, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, শামীমুর রহমান শামীম, ড্যাব সভাপতি অধ্যাপক একেএম আজিজুল হক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৪৪৫ ঘ.

এ সম্পর্কিত আরো খবর