ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদে ফেরার শর্ত হিসেবে জয়নুল আবদিন ফারুক মধ্যবর্তী নির্বাচনকে শর্ত হিসেবে তুলে ধরার এক দিনের মাথায় খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলোকে এক্ষেত্রে গুরুত্ব দিলেন মওদুদ আহমদ।
শনিবার এক আলোচনা সভায় বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, "আমরা সংসদে যেতে চাই। যাওয়ার পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আমাদের নেত্রীর অন্তত চারটি মামলা আজই (শনিবার) প্রত্যাহার করুন, কালকে (রোববার) সংসদে যাবো আমরা।"
বিরোধীদলীয় প্রধান হুইপ ফারুক শুক্রবার বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের দাবি সরকার মেনে নিলে তারা সংসদে যেতে রাজি আছেন।
নবম সংসদের নবম অধিবেশন বসছে রোববার। টানা ৭৪ দিন বর্জনের পর অষ্টম অধিবেশনে বিএনপি যোগ দিলেও শেষ দিকে ওয়াকআউট করে।
মওদুদ বলেন, "আমরা সংসদে যেতে চাই। একে কার্যকরও করতে চাই। সংসদে যোগদানের কোনো পরিবেশ নেই। সেখানে কেবল গালিগালাজ হয়।"
আওয়ামী লীগের 'অসহনশীলতা'র কারণে সংসদের পরিবেশ নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন এ সংসদ সদস্য।
এ থেকে উত্তরণে খালেদার মামলা প্রত্যাহারের শর্ত দিয়ে মওদুদ বলেন, "তবে ক্ষমতাসীন দল এতোই একদলীয় যে তারা আমাদের প্রস্তাব গ্রহণ করবে না। আসলে তারা চায় না, বিরোধী দল সংসদে আসুক।"
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়। ওই সময় শেখ হাসিনাসহ অনেক রাজনীতিকের বিরুদ্ধে মামলা হয়েছিলো। তবে বর্তমান সরকার ক্ষমতায় যাওয়ার পর রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আওয়ামী লীগের অনেক নেতার মামলা প্রত্যাহার করা হলেও খালেদার বিরুদ্ধে কোনো মামলা প্রত্যাহার হয়নি।
নয়া পল্টনে মহানগর বিএনপি কার্যালয়ে 'জিয়া ব্রিগেড' এর উদ্যোগে 'সংবিধান নিয়ে চলমান সঙ্কট : বাংলাদেশের ভবিষ্যৎ' শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন মওদুদ।
সাবেক আইনমন্ত্রী মওদুদ বলেন, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী সংসদকে পাশ কাটিয়ে সংবিধান মুদ্রণ করা ঠিক হয়নি। সুপ্রিম কোর্টের রায় সংসদ ও জনগণ মানতে বাধ্য নয়।
গণভোট ছাড়া সংবিধানের মৌলিক সংশোধন বিএনপি মেনে নেবে না, বলেন তিনি।
সভায় মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সাবেক ডিন অধ্যাপক বোরহান উদ্দিন আহমেদ। আলোচনা করেন বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা এ জেড এম জাহিদ হোসেন, শিল্প বিষয়ক সম্পাদক এ কে এম মোশাররফ হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, জাগপা প্রধান শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/এমআই/১৫০০ ঘ.
bdnews24