২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'মধ্যবর্তী নির্বাচনের দাবি মেনে নিলে সংসদে যেতে রাজি'

বিরোধী দল বিএনপির প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের দাবি সরকার মেনে নিলে তারা সংসদে যেতে রাজি আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2011, 08:46 AM

Updated : 24 Aug 2022, 03:06 PM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দল বিএনপির প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, মধ্যবর্তী নির্বাচনের দাবি সরকার মেনে নিলে তারা সংসদে যেতে রাজি আছেন। শুক্রবার দুপুরে এক সমাবেশে তিনি এ কথা বলেন। নবম সংসদের নবম অধিবেশনে বিএনপির যোগ না দেয়ার ইংগিত দিয়ে তিনি বলেন, ''এই সংসদ দেশের মানুষের প্রত্যাশা পুরণে ব্যর্থ হয়েছে। এখানে বিরোধী দলকে গালিগালাজ ও অশোভন আচরন প্রদর্শণ ছাড়া কিছুই হয় না।'' এজন্য সংসদ ভেঙ্গে দিয়ে মধ্যবর্তী নির্বাচন দেয়ার দাবির কথা পূনরুল্লেখ করেন বিরোধী দলের প্রধান হুইপ। আগামী রোববার বিকাল ৪টায় সংসদের নবম অধিবেশন বসছে। এই অধিবেশনে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি তাদের প্রতিবেদন উপস্থাপন করবে বলে কথা রয়েছে। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিলপূর্ব এই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের পর একটি বিশাল মিছিল বের হয়ে জাতীয় প্রেস ক্লাবের সমানে এসে শেষ হয়। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও যানবাহনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে মিছিলে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করা হয়। সমাবেশে জয়নুল আবদিন ফারুক বলেন, "রোববার শুরু হতে যাওয়া সংসদ অধিবেশন সংবিধান সংশোধনের জন্য না বাজেটের জন্য আহ্বান করা হয়েছে- তা সরকার স্পষ্ট করে কিছুই বলছে না। আমরা এ ব্যাপারে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষন করছি।" সংবিধান সংশোধনে সরকারের উদ্যোগের সমালোচনা করে তিনি বলেন, "সরকার বিচার বিভাগকে দলীয়করণ করেছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, বিএনপিকে বাদ দিয়ে সংবিধান সংশোধন করা হলে তা মেনে নেয়া হবে না। সংবিধান সংশোধনের নামে ধর্মনিরপেক্ষতা সংযোগ করা হলে কিংবা বিসমিল্লাহ বাদ দেয়া হলে এ সরকারকে টেনে হেঁচড়ে ক্ষমতা থেকে নামতে বাধ্য করা হবে।'' নবম সংসদ অধিবেশনের যোগ না দেয়ার ইংগিত দিয়ে তিনি বলেন, ''মধ্যবর্তী নির্বাচনের দাবি সরকার মেনে নিলে আমরা সংসদে যেতে রাজি আছি। আমাদের দাবি- মধ্যবর্তী নির্বাচন দিয়ে সরকার তার জনপ্রিয়তা যাচাই করুক।'' ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি দলের নেতা-কর্মীরা প্রতিপক্ষের প্রার্থীদের ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ করেন তিনি। সংগঠনের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবু বক্তব্য রাখেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/১৪৪৬ ঘ.