ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সংবিধানের সঙ্গে অসঙ্গতিপূর্ণ উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি বলেছেন, অতীতে এ ব্যবস্থার অপব্যবহার করা হয়েছে।
সঙ্গত কারণেই আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার বিকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক আলোচনা সভায় তিনি বলেন, "৯৬ সালে ভাওতাবাজীর সংসদে রাতের অন্ধকারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রণয়ন করা হয়েছিলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের দাবি ছিলো বলে আমরা সে সময় তা মেনে নিয়েছিলাম।"
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যোগ করা হয়। এরপর থেকে নির্বাচিত সরকারের মেয়াদ শেষে এ সরকারের অধীনেই নির্বাচন হচ্ছে।
গত ১০ মে এক রায়ে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। তবে আগামী দুটি সংসদ নির্বাচন এ ব্যবস্থাতেই হতে পারে বলে মত দেয় আদালত।
আলোচনা সভায় দীপু মনি বলেন, সরকার মুক্তিযুদ্ধের চেতনায় একবিংশ শতকের উপযোগী সংবিধান করতে চায় বলেই সংসদে তিন চতুর্থাংশ আসন থাকার পরও আলোচনার মাধ্যমে এ কাজ করছে।
ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক লীগের (উত্তর) সভাপতি মোবাশ্বের চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, যুগ্ম সাধরণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম ব্হাাউদ্দিন নাসিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/১৯৫৮ ঘ.
bdnews24