ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তদারকিতে আট শতাধিক নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত রাখছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনের আগে-পরে নির্বাহী হাকিম ৫ দিন ও বিচারিক হাকিম ৪ দিন সংশ্লিষ্ট উপজেলায় দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার ইসি সচিবালয়ের উপ সচিব (আইন শাখা) হেলাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, "ইসির সিদ্ধান্ত অনুযায়ী প্রতি উপজেলায় একজন করে নির্বাচনযোগ্য ৪১৪ উপজেলার জন্য নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োগের চাহিদা জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে।"
আগামী ৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের দেশের ৪১৪ উপজেলার ৩৮১৩ ইউপিতে নির্বাচন হচ্ছে।
এই কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ের তালিকা পেলেই নির্বাচনের তিন দিন আগে নির্বাহী ও দুই দিন আগে থেকে বিচারিক হাকিম সংশ্লিষ্ট এলাকায় নিয়োজিত করে প্রজ্ঞাপন জারি করা হবে। ভোটের দিন নির্বাহী হাকিম স্ট্রাইকিং বা মোবাইল ফোর্সের নেতৃত্ব দেবেন।
আট শতাধিক কর্মকর্তা একসঙ্গে না পেলে পর্যায়ক্রমে এলাকাভিত্তিক দায়িত্ব বন্টন করা হতে পারে বলে জানান হেলাল চৌধুরী।
ভ্রাম্যমান আদালত ও সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে এ হাকিমরা দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের জন্য সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং নির্বাচনী অপরাধের জন্য দুই থেকে সাত বছরের কারাদণ্ড দিতে পারবেন এসব কর্মকর্তা।
নির্বাচনে সহায়তা চেয়ে ইসির চিঠি
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষা নির্বাচন অনুষ্ঠানে সহায়তা চেয়ে মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
শিগগির জাতীয় সংসদের স্পিকারের কাছেও চিঠি পাঠানো হবে।
ইসি কর্মকর্তারা জানান, নির্বাচনী এলাকায় কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী বা তাদের সমপদমর্যাদা সম্পন্ন কোনো ব্যক্তি যেন নির্বাচনী প্রচারণায় অংশ না নেয়া, এলাকায় অবস্থান না করেন- এমন অনুরোধ জানিয়ে মন্ত্রিপরিষদ সচিবকে চিঠি পাঠানো হয়েছে।
তবে কেউ ভোটার হলে সংশ্লিষ্ট এলাকায় শুধু ভোট দিতে পারবেন।
ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সহকারি সচিব (পৌর ও পল্লী) আব্দুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পৃথক পৃথক চিঠিতে সংশ্লিষ্টদের নির্বাচনী এলাকায় জনপ্রতিনিধিদের অবস্থানে নিরুৎসাহ, নতুন করে নির্বাচনী কর্মকর্তাদের বদলি না করা, ঋণখেলাপীদের সম্পর্কে রিটার্নিং অফিসারদের তথ্য প্রদানসহ একাধিক বিষয়ে অনুরোধ জানানো হয়েছে।
ইসির পরামর্শ ছাড়া কোনো নির্বাচনী কর্মকর্তাকে বদলি না করার জন্য মন্ত্রিপরিষদ পরিষদ ও জনপ্রশাসন বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে নির্বাচনী ইউপিতে নতুন কোনো প্রকল্প গ্রহণ না করা, নতুন করে অর্থ বরাদ্দ না দেওয়ায়র অনুরোধ জানানো হয়েছে। তবে যেসব প্রকল্প আগে থেকেই চলছে তা চালিয়ে নেওয়া যাবে বলে জানানো হয়।
একই চিঠিতে ইউপিতে যেসব চেয়ারম্যান ও সদস্য ক্ষমতাসীন তারা নির্বাচনী প্রচারণায় যেন সরকারি ভবন, কর্মকর্তা-কর্মচারী বা সরকারি সুযোগ-সুবিধা ভোগ না করেন সে বিষয়ে নিশ্চিত হবার অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের গভর্ণর এবং অর্থ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে চিঠি দিয়ে ঋণখেলাপীদের সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। চিঠিতে বলা হয়, ঋণখেলাপীদের সম্পর্কে তথ্য সংশিম্লষ্ট এলাকার রিটার্নিং কর্মকর্তাদের জানানোর অনুরোধ করা হয়।
পক্ষপাতিত্বের অভিযোগে নড়াইল সদর ও কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বদলির নির্দেশ দিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। এ সংক্রান্ত নির্দেশনা শিগগির জারি হবে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/১৮৫১ ঘ.
bdnews24