ঢাকা, মে ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেওয়া সর্বোচ্চ আদালতের রায়ের কারণে দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতার আশঙ্কা করছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন।
মঙ্গলবার রায়ের পর এক প্রতিক্রিয়ায় তিনি সাংবাদিকদের বলেন, "এ রায়ের ফলে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। আমার মনে হয়, এ রায়ের ফলে কোনো সঠিক সিদ্ধান্তে আসা সম্ভব হবে না।"
"কোনো বিষয়ে স্থির সিদ্ধান্ত না দিয়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল করায় রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত করার পরিস্থিতি সৃষ্টি হয়েছে", বলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার এ উপদেষ্টা।
সর্বোচ্চ আদালতের রায়ের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা মওদুদ আহমদও বলেছেন, এতে দেশে রাজনৈতিক ও সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে।
১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানে যুক্ত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ওই সময় ক্ষমতাসীন বিএনপি অনীহা সত্ত্বেও আওয়ামী লীগসহ বিরোধী দলগুলোর চাপে এ সংশোধনী আনে। তবে এখন বিএনপি বলছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলে আন্দোলনে নামবে তারা।
ত্রয়োদশ সংশোধনীর বৈধতা নিয়ে একটি রিট আবেদন হলে হাইকোর্ট তা বৈধ বলে রায় দেয়। এর বিরুদ্ধে আপিল হলে মঙ্গলবার রায় দেয় আপিল বিভাগ।
সর্বোচ্চ আদালতের রায়ে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করা হলেও শান্তিশৃঙ্খলা ও ধারাবাহিকতা রক্ষায় আগামী দুটি সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে পারে বলে মত দেওয়া হয়েছে।
মাহবুব বলেন, "একদিকে ত্রয়োদশ সংশোধনীকে সংবিধান পরিপন্থী বলা হয়েছে। অন্যদিকে দশম ও একাদশ পার্লামেন্ট এর অধীনে হতে পারে বলা হয়েছে। এর মধ্য দিয়ে উনি (আদালত) কী বলতে চাচ্ছেন, তা স্পষ্ট নয়।"
রায়ের পর সরকারের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম বলেন, শান্তিশৃঙ্খলা ও ধারাবাহিকতা রক্ষায় আদালত পরবর্তী দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করা যেতে পারে বলে মত দিয়েছে।
আইনজীবী সমিতির সভাপতি বলেন, "যেখানে ওই সংশোধনীই সম্পূর্ণ বাতিল, সে ক্ষেত্রে আপিল বিভাগ কীভাবে বলতে পারে- বাতিলকৃত ব্যবস্থায় দুটি নির্বাচন হতে পারে।"
সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়, বিদায়ী প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের বিচারপতিদের বাদ রেখে সংসদ এ সরকার পদ্ধতি সংস্কার করতে পারে।
এর সমালোচনা করে মাহবুব বলেন, আদালত যদি এভাবে সংসদকে 'নির্দেশনা' দেয়, তবে আবার ওই প্রশ্ন উঠতে পারে, কে সার্বভৌম- সংসদ, না আদালত।
এ রায়ের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের অবমূল্যায়ন করা হয়েছে বলেও মনে করেন তিনি।
মাহবুব আরো বলেন, প্রধান উপদেষ্টা হওয়াকে কেন্দ্র করে প্রধান বিচারপতি নিয়োগে যে রাজনীতি হয়, আদালত তা তুলে ধরতে পারতেন।
পঞ্চম সংশোধনীর রায়ের পর সংবিধান পুনর্মুদ্রণের দিকে ইঙ্গিত করে খালেদা জিয়ার উপদেষ্টা বলেন, "স্পর্শকাতর বিষয়গুলো আদালতে এনে আদালতের ঘাড়ে বন্দুক রেখে তা বাস্তবায়নের একটি প্রবণতা দেখা যাচ্ছে, এটা শুভ নয়।"
বর্তমান নির্বাচন কমিশনের দুর্বলতা তুলে ধরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রাখার পক্ষেই নিজের মত প্রকাশ করেন মাহবুব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৫০০ ঘ.
bdnews24