২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলীয় প্রভাব খাটালে নির্বাচন বন্ধ: সাখাওয়াত

দলীয় প্রভাব খাটানো হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2011, 12:26 PM

Updated : 24 Aug 2022, 03:02 PM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় প্রভাব খাটানো হলে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের নির্বাচন বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, "অনুকূল নির্বাচনী পরিবেশ না হওয়া পর্যন্ত ওই এলাকায় নির্বাচন হবে না।" সোমবার নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করায় রোববার পাবনার বেড়া উপজেলায় নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেনকে মারধর করে দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাই পরিচয়ে কয়েকজন ব্যক্তি নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ঢুকে গালাগাল দেয় এবং তাকে মারধর করে। মারধরের ঘটনার ঘণ্টাখানেক পর প্রতিমন্ত্রীর ভাতিজা আমিনুল ইসলামকে আটক করে কয়েক ঘণ্টা পর পুলিশ তাকে ছেড়ে দেয়। পুলিশের ভাষ্য অনুযায়ী মোটর সাইকেলের কাগজপত্র না থাকার কারণে তাকে আটক করা হয়। কাগজপত্র পরে দেওয়ার কথা বলায় তাকে ছেড়ে দেওয়া হয়। নির্বাচনী কর্মকর্তাকে মারধর প্রসঙ্গে এম সাখাওয়াত হোসেন বলেন, "এ ধরনের ঘটনায় জড়িত যে-ই হোক না কেনো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে। কোনো ধরনের দলীয় হস্তক্ষেপ ও প্রভাব সহ্য করা হবে না।" ক্ষমতাসীনরা প্রার্থী-কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে- বিরোধী দলের এমন কোনো অভিযোগ আমলে নেওয়া হবে না বলেও জানান তিনি। তিনি বলেন, "সংশ্লিষ্টদের বিরুদ্ধে ঢালাওভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ না করে সুনির্দিষ্ট অভিযোগ করুন। লিখিতভাবে অভিযোগ জানালে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সব ধরনের ব্যবস্থা নেবে ইসি।" সন্ত্রাসীরা কোনো দলের হয় না- এ মন্তব্য করে সাখাওয়াত হোসেন বলেন, দলীয় প্রভাব বা হস্তক্ষেপ থাকলে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। আগামী ৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত দেশের ৪১৪ উপজেলায় দ্বিতীয় পর্যায়ে ইউপি নির্বাচন হবে। এর আগে উপজেলা পর্যায়ে ৫ মে থেকে ৯ জুন পর্যন্ত মনোনয়ন দাখিলের সময় রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/১৮২৩ ঘ.