শরীয়তপুর, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের চিতলিয়ায় সংঘর্ষের ঘটনায় বিএনপির ৫৬ জনকে আসামি করে দুটি মামলা করেছে আওয়ামী লীগ।
এদিকে, ঘটনার পর অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
চিতলিয়া ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে শনিবার আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে প্রায় ৩ ঘণ্টা সংঘর্ষ হয়। এ সময় উভয় পক্ষের নারী-শিশুসহ অন্তত ৬০ জন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর আহত এক নারীসহ ৫ জনকে ঢাকা পাঠানো হয়েছে। বাকিদের শরীয়তপুর সদর হাসপতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
এ ঘটনায় রোববার সকালে জেলা আওয়ামী লীগের সদস্য ও শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চিতলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস সালাম হাওলাদার বাদী হয়ে পালং থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় চিতলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আজিজুল হক মোল্লা, জেলা বিএনপির সহ-সভাপতি ও চিতলিয়া ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মো. সিরাজুল হক মোল্লাসহ ৪১ জনকে আসামি করা হয়েছে।
একই দিনে চিতলিয়া ইউনিয়নের কাশিপুর গ্রামের মৃত পাঞ্জু হাওলাদারের ছেলে ইউনুস হাওলাদার বাদী হয়ে সিরাজুল হক মোল্লাসহ ১৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেন।
শনিবারের ঘটনায় বিএনপির পক্ষ থেকেও মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।
পালং থানার ওসি মো. রবিউল আলম বলেন, সংঘর্ষের ঘটনায় দুটি মামলা গ্রহণ করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৭৫১ ঘ.
bdnews24