২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনে শিক্ষক ইসির বিধি-নিষেধ কেন অবৈধ নয়: হাইকোর্ট

সরকার অনুমোদিত স্কুল-কলেজের শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের ওপর নির্বাচন কমিশনের (ইসি) বিধি-নিষেধ কেন অবৈধ ঘোষণা করা হবে না- চার সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2011, 09:33 AM

Updated : 24 Aug 2022, 03:00 PM

ঢাকা, মে ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার অনুমোদিত স্কুল-কলেজের শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের ওপর নির্বাচন কমিশনের (ইসি) বিধি-নিষেধ কেন অবৈধ ঘোষণা করা হবে না- চার সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট। নির্বাচন কমিশন, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন (এলজিআরডি) সচিবসহ ১১ জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। চার শিক্ষকের রিট আবেদনে বুধবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. নূরুজ্জামানের বেঞ্চ এ রুল জারি করে। আদালত একইসঙ্গে রিট আবেদনকারী মো. আলমগীর কবির, হামিদুল হক, মোখলেসুর রহমান ও আলতাফ হোসেনকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ারও নির্দেশ দিয়েছে। মঙ্গলবার ওই চার শিক্ষক রিট আবেদনটি দায়ের করেন। তারা জামালপুর ও কুড়িগ্রামে শিক্ষকতা করছেন এবং ইউপি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন মো. বদরুদ্দোজা বাদল। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন ড. শাহদীন মালিক এবং সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বদরুদ্দোজা বাদল সাংবাদিকদের বলেন, গত ২ মার্চ ইসির এক পরিপত্রে বলা হয়, এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন। এর পর ৬০০ ইউনিয়নের নির্বাচন হয়েছে, শতাধিক শিক্ষক নির্বাচিতও হয়েছেন। তাই এখন নতুন করে বিধি-নিষেধ আরোপ করা যেতে পারে না। কারণ ওই ধারাবাহিকতায় নির্বাচন হচ্ছে। এর আগে সোমবার একই ধরনের আরেকটি রিট আবেদন করেন নরসিংদীর মনোহরদীর একদুয়ারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও একদুয়ারিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাসেত মোল্লা ভুট্টোসহ ১৫টি জেলার ৫০জন প্রার্থী। এতে প্রধান নির্বাচন কমিশনার এবং শিক্ষা, আইন, সংস্থাপন ও স্থানীয় সরকার সচিবকে বিবাদি করা হয়। 'দ্য ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন অর্ডিনেন্স, ১৯৬১' অধ্যাদেশ-এর ৩০ (১) ধারা অনুযায়ী, সরকার অনুমোদিত উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা স্থানীয় ও জাতীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এবং কোনো নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না। দ্বিতীয় পর্বের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩১ মে থেকে ৫ জুলাই পর্যন্ত ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩ ইউনিয়ন পরিষদে নির্বাচনের তারিখ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কিউএইচ/এএল/এমআই/১৫৩০ ঘ.