২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরিকের হেফাজত: বিদিশার আপিলের আবেদন

বিচারক 'রাজনৈতিক চাপে' মামলা খারিজ করে দিয়েছেন উল্লেখ করে এরিকের হেফাজত নিয়ে মামলায় আপিলের আবেদন করেছেন বিদিশা সিদ্দিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2011, 02:55 PM

Updated : 24 Aug 2022, 02:59 PM

ঢাকা, মে ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিচারক 'রাজনৈতিক চাপে' মামলা খারিজ করে দিয়েছেন উল্লেখ করে এরিকের হেফাজত নিয়ে মামলায় আপিলের আবেদন করেছেন বিদিশা সিদ্দিক। সোমবার ঢাকার জেলা জজ আদালতে বিদিশার পক্ষ থেকে এ আবেদন করা হয়। বিদিশার সাবেক স্বামী ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদকে প্রতিপক্ষ করে দাখিল করা ওই আবেদনে বলা হয়, ছেলে শাহতাব জারাব এরিককে নিজের হেফাজতে চেয়ে বিদিশার দায়ের করা মামলাটি গত ২৭ মার্চ খারিজ করে দেন পঞ্চদশ সহকারী জজ শাম্মী আকতার। আবেদনে বলা হয়, 'সাক্ষীদের সাক্ষ্য সঠিকভাবে না বুঝেই বিচারক মামলাটি খারিজ করে দিয়েছেন। তার ওপর রাজনৈতিক চাপ ছিল। রাজনৈতিক চাপে নিরপেক্ষতা হারিয়ে বিচারক মামলা খারিজের রায় দিয়েছিলেন।' সহকারী জজের ওই আদেশে এরিককে তার বাবা হুসেইন মুহম্মদ এরশাদের হেফাজতে রাখার অধিকার দেওয়া হয়। সোমবার ঢাকার জেলা জজ জাহাঙ্গীর হোসেন আপিল আবেদনটি গ্রহণ করে পরে শুনানির তারিখ দেন। বিদিশার আইনজীবী আব্দুল মান্নান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে শুনানির তারিখ জানা যাবে। এরশাদের তালাকপ্রাপ্তা স্ত্রী বিদিশা সিদ্দিক তাদের 'নাবালক' সন্তান এরিককে হেফাজতে নেওয়ার জন্য ২০০৯ সালের ২৭ মে ঢাকার জেলা জজ আদালতে মামলা করেন। ১৯৮৫ সালের মুসলিম পারিবারিক অধ্যাদেশের আওতায় দায়ের করা এ মামলয় সাবেক সেনা শাসক হুসেইন মুহম্মদ এরশাদকে বিবাদী করা হয়। গত ০২ ফেব্র"য়ারি এ মামলার শুনানিতে এরিকের বক্তব্য শোনেন বিচারক। বাদী ও বিবাদী পক্ষে দুই জন করে এ মামলার শুনানিতে সাক্ষ্য দেন। ২৭ মার্চ রায় ঘোষণার পর বিদিশার আইনজীবী মান্নান খান বলেছিলেন, আদালত নিরেপেক্ষ বিচার করেননি। তারা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেকে/২০৫০ ঘ.